সাহারুল হক সাচ্চু . উল্লাপাড়া ( সিরাজগঞ্জ ):
একেবারে ঘোর পল্লীর দুটি গ্রাম। এক সাথে চলাচল, এক সাথে হাট বাজার করা, এক সাথে লোকজন ক্ষেত খামারে কাজ করেন। গ্রামের বাজারে চায়ের দোকানে এক সাথে গল্প আড্ডায় সময় কাটান। সবাই মিলে মিশে মাঠে কাজ করেন। একে অপরের ভালো পড়শী হয়ে বসবাস করে আসছেন। কাগজ নথিতে তারা আলাদা দুটি গ্রামের বসতি। কেউ নাদা গ্রামের বসতি। আবার কেউ বসতি চক হরিপুর গ্রামের। গ্রামীণ সড়ক দুপাশের গ্রাম দুটির নিজ নিজ পরিচয় নিয়ে আছে। আর গ্রাম দুটি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া ও শাহজাদপুর উপজেলার। এর মধ্যে নাদা গ্রামের সাথে নিজ উপজেলা সদরের পাকা সড়কের উন্নত যোগাযোগ ব্যবস্থা হয়েছে। আর শাহজাদপুর উপজেলা সদরের সাথে চক হরিপুর গ্রামের সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হয়নি।
উল্লাপাড়া উপজেলার মোহনপুর ইউনিয়নের নাদা গ্রামটি উপজেলার দক্ষিণের শেষ সীমানায়। উপজেলা সদরের সাথে নাদা গ্রামের সরাসরি পাকা সড়কের ( সাতবিলা গ্রাম থেকে সাব মারজেবল সড়ক) যোগাযোগ ব্যবস্থা আছে। গ্রামটির শেষ সীমানা অবধি পাকা সড়ক অনেক বছর আগেই নির্মাণ হয়েছে। নাদা গ্রামে একটি দাখিল মাদরাসা ও একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে। সপ্তাহের দুদিন হাট বসে। নাদা গ্রামের জনসংখ্যা প্রায় এক হাজার নয়শো বলে জানা গেছে। গ্রামের বেশিরভাগ কৃষক পরিবার। কৃষক পরিবারের কেউ কেউ অন্য পেশায় কাজ করেন। অপরদিকে নাদা গ্রামের একেবারে সাথেই শাহজাদপুর উপজেলার চক হরিপুর গ্রাম। সড়কের এক পাশে নাদা আরেক পাশে চক হরিপুর গ্রাম। চক হরিপুর গ্রামে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে। কায়েমপুর ইউনিয়নের চক হরিপুর গ্রামের সাথে হাজিপুর বটতলা হয়ে পাবনার ফরিদপুর উপজেলা ও শাহজাদপুর উপজেলা সদরের সাথে কাচা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা আছে। এ সড়কে পায়ে হেটে এলাকার অনেকেই বিভিন্ন এলাকায় যাওয়া আসায় চলাচল করেন। অটোভ্যান ও মিশুকে যাত্রী নিয়ে চলাচল দিনের বেলায় করে। অপরদিকে চক হরিপুর গ্রাম থেকে প্রায় এক কিলোমিটার দুরে ব্রজবালা পাকা সড়ক। ব্রজবালা থেকে হরিরামপুর , তালগাছি হয়ে শাহজাদপুর উপজেলা সদরের পাকা সড়ক পথের যোগাযোগ ব্যবস্থা আছে। চক হরিপুর গ্রামের সাথে নিজ শাহজাদপুর উপজেলা সদরের পুরোপুরি পাকা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা হয়নি। নাদা গ্রামের কৃষক মো. হযরত আলী বলেন এক একসময় নাদা গ্রাম সড়ক পথে উন্নত যোগাযোগ ব্যবস্থায় পিছিয়ে ছিলো। বন্যার পানি নেমে যাওয়ার পর দেড় দুসপ্তাহ কাদা পানি খচে চলাচল করতে হয়েছে। এরপর শুকনো মৌসুমে উপজেলা সদরে কিংবা মোহনপুর বাজারে কাচা সড়কে চলাচল করেছেন। এখন বর্ষাকালের মাস তিনেক নৌকায় চলাচল করেন। আর বছরের বাকী মাসগুলো পাকা সড়কে অটোভ্যান, ইজিবাইক, মিশুক, ভাড়ায় চলা মোটরসাইকেলে চলেন। নাদা বাজারের দোকানি আঃ হান্নান বলেন সড়ক পথের উন্নত যোগাযোগ ব্যবস্থা নাদা গ্রামকে সব দিক থেকে এগিয়ে নিয়েছে বলা চলে। নাদা মাঠে নানা ধরনের সবজি ফসল ও ধান, সরিষা ফসলের আবাদ হয়। ব্যবসায়ি সংখ্যা বেড়েছে। আরো বাড়ছে। কৃষক শাহজাহান প্রামাণিক বলেন বর্ষাকালে নাদা গ্রামের লোকজন কাজ ছাড়া বাড়ীতে থাকেন। সবাইকে এখানে সেখানে যেতে আসতে নিজের ডিঙ্গি নৌকা কিংবা ভাড়া নৌকায় চলেন। সে সময় সকাল বিকেল নাদা বাজারে চায়ের দোকানগুলোয় বেশ আড্ডা জমে থাকে। পাশের চক হরিপুর গ্রামের লোকজন নাদা বাজারে আড্ডা জমায়। চক হরিপুর গ্রামের কৃষক মো. সিরাজুল ইসলাম, আঃ রহমান প্রামাণিক, জায়েদ আলী বলেন গ্রামের বেশিরভাগ হলো কৃষক পরিবার। এছাড়া বহুজন আছে নিজের জমিতে কাজ করেন আবার দিন হাজিরায় মজুরি খাটেন। তাদের চক হরিপুর গ্রামের সাথে নিজ শাহজাদপুর উপজেলা সদরের সড়ক পথের যোগাযোগ ব্যবস্থার তেমন উন্নতি হয়নি। চক হরিপুর গ্রামের বেশিজন গ্রাম থেকে কাচা সড়কে ব্রজবালা হয়ে শাহজাদপুর উপজেলা সদরে যান। আবার একই পথে বাড়ী ফেরেন। চক হরিপুর গ্রামের লোকজন অটোভ্যান , মিশুকে কাচা সড়কে চলেন। অনেক সময় পায়ে হেটে চলেন। আর বৃষ্টি হলে পায়ে হেটে চলাচল করেন। নাদা ও চক হরিপুর গ্রামের সীমানা এলাকায় ছোটো মুদি দোকানি আছমত আলী বলেন যারা জানেন না তারা মনে করবেন আলাদা দুটি গ্রাম নয়। চক হরিপুর গ্রামের লোকজন জমিজমা কিংবা অন্য কোনো দরকারে নিজ উপজেলা শাহজাদপুরে অফিসে যান। কৃষি মালামাল বেচতে, সংসারের ঘর গৃহস্থালি কাজে ব্যবহার করা জিনিস কিনতে চক হরিপুরের অনেকেই মোহনপুর কিংবা উল্লাপাড়া বাজারে যান। মো. ইব্রাহিম মিয়া , বেলাত হোসেন বলেন চক হরিপুর গ্রামবাসিদের চাওয়া হলো নিজ শাহজাদপুর উপজেলা সদরের সাথে সরাসরি পাকা সড়ক পথ নির্মাণ করা। আর তাহলে সড়ক পথে চলতে সব দুর্ভোগের অবসান হবে।





















