ইসলামপুর উপজেলা প্রতিনিধি ,জামালপুর:
জামালপুরের দেওয়ানগঞ্জবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত ব্রহ্মপুত্র নদের ওপর সেতু নির্মাণের স্বপ্ন এবার বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগিয়েছে। দেওয়ানগঞ্জ মডেল থানার সামনে ব্রহ্মপুত্র নদের ওপর ১৬০ মিটার দীর্ঘ সেতু নির্মাণ প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন পেয়েছে। সেতুটি বহুবার ভেঙে পড়ে বহু দূর্ঘটনা ঘটেছে এবং বহু হতাহতের খবর পাওয়া গিয়েছে ।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতের উদ্যোগে প্রকল্পটি অনুমোদিত হওয়ায় দেওয়ানগঞ্জের মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।
স্থানীয়দের দীর্ঘদিনের দাবি ছিল ব্রহ্মপুত্র নদের ওপর একটি স্থায়ী সেতু নির্মাণ। সেতুটি নির্মিত হলে নদী পারাপারের ভোগান্তি কমার পাশাপাশি দেওয়ানগঞ্জের যোগাযোগব্যবস্থায় আসবে ইতিবাচক পরিবর্তন। সহজ হবে মানুষের যাতায়াত, সম্প্রসারিত হবে ব্যবসা-বাণিজ্য এবং নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে স্থানীয় অর্থনীতি ও সামাজিক উন্নয়নে।
বিশেষ করে শিক্ষার্থী, ব্যবসায়ী, কৃষক, চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের দৈনন্দিন চলাচলে সেতুটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে স্থানীয় পণ্য পরিবহন ও বাজারজাতকরণেও তৈরি হবে নতুন সুযোগ।
দেওয়ানগঞ্জের মানুষের কাছে এই সেতু কেবল একটি অবকাঠামোগত স্থাপনা নয়; এটি দীর্ঘদিনের প্রত্যাশা, যোগাযোগের সহজ পথ এবং সম্ভাবনাময় ভবিষ্যতের প্রতীক।
প্রকল্পটি অনুমোদনের খবরকে স্বাগত জানিয়েছেন উন্নয়নপ্রত্যাশী এলাকাবাসী। এখন তাঁদের প্রত্যাশা, প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত নির্মাণকাজ শুরু ও নির্ধারিত সময়ে শেষ করা হবে।
দীর্ঘদিনের দাবি বাস্তবায়নের এই উদ্যোগ দেওয়ানগঞ্জের উন্নয়নযাত্রায় নতুন অধ্যায়ের সূচনা করুক—এমন প্রত্যাশাই স্থানীয় মানুষের।





















