মোঃঝুটন মিয়া অষ্টগ্রাম :
কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে যথাযথ মর্যাদায় জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। রবিবার (৮ অক্টোবর) উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা সম্প্রসারিত প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা সম্প্রসারিত প্রশাসনিক ভবন মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা মো. নাজমুল আলম ভূঁইয়ার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. নাজমুল আলম ভূঁইয়া। এছাড়া বক্তব্য রাখেন সহকারী উপজেলা প্রোগ্রামার আনোয়ার পারভেজ। ‘মসজিদ জাম সবুজ সাথী বহুমুখী সমবায় সমিতি লিমিটেড’-এর সভাপতি শেখ মেহেদী হাসান। সভায় বক্তারা সমবায় আন্দোলনের গুরুত্ব তুলে ধরে বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমবায়ের ভূমিকা অপরিসীম। সততা ও নিষ্ঠার সাথে সমবায় সমিতিগুলো পরিচালিত হলে গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে।
আলোচনা সভা শেষে সমবায় খাতের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। এ সময় উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্যবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।





















