জেলা প্রতিনিধি, দিনাজপুর:
দক্ষ ডিপ্লোমা প্রকৌশলী, উন্নত দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে দিনাজপুরে গণপ্রকৌশল দিবস-২০২৬ ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করে আইডিইবি দিনাজপুর জেলা শাখা।

রোববার (৮ নভেম্বর) শহরের ইনস্টিটিউট মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এর আগে বেলুন ও ফেস্টুন উড়িয়ে র্যালির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ইনস্টিটিউট মাঠে এসে শেষ হয়।
র্যালিপূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আইডিইবি দিনাজপুর জেলা শাখার সভাপতি ও দিনাজপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. মিনারুল ইসলাম খান। এতে প্রধান অতিথির বক্তব্য দেন অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. মোকাররম হোসেন, জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি মো. মকশেদ আলী মঙ্গলিয়া, জেলা বিএনপির সহসভাপতি ও দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি মো. আক্তারুজ্জামান জুয়েল এবং দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো. আব্দুল ওয়াদুদ মন্ডল। স্বাগত বক্তব্য দেন আইডিইবি দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী মঞ্জুর মুর্শেদ সুমন।
আইডিইবি দিনাজপুর জেলা শাখার সহসভাপতি প্রকৌশলী মো. সাজিউল ইসলাম সাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. শহিদুল ইসলাম ও প্রকৌশলী আব্দুল আউয়াল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইডিইবি জেলা শাখার সিনিয়র সহসভাপতি মো. মাসুদ রানা, কোষাধ্যক্ষ জি এন ভট্টাচার্য, চাকরিবিষয়ক সম্পাদক মো. আব্দুল মোমিনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
এ ছাড়া দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট, এইচএইচ পলিটেকনিক ইনস্টিটিউট, পুনর্ভবা, অ্যাপটাচ, ডিআইএসটি, গ্লোবাল, আনোয়ারা ও উত্তরণ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থী, দিনাজপুর আইসিটি ক্লাবের সদস্য এবং জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরে কর্মরত ডিপ্লোমা প্রকৌশলীরা র্যালি ও আলোচনা সভায় অংশ নেন।




















