অরুন কুমার সরকার চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি:
‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের চিতলমারীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য সমবায় র্যালি বের করা হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা মোল্লা সাইফুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার ভৌমিক।
সভায় স্বাগত বক্তব্যের পর সমবায়ীদের পক্ষে নিজেদের অভিজ্ঞতা ও সফলতার গল্প তুলে ধরেন মায়া মণ্ডল, অঞ্জনা হালদার, উষা বিশ্বাস, নিপা রানী হালদার ও যোগেন্দ্রনাথ মণ্ডল। তাঁরা সমবায় সমিতি থেকে ঋণ নিয়ে কীভাবে আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছেন, তা বিস্তারিতভাবে তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার। তিনি বলেন, সমবায় মানুষের অর্থনৈতিক উন্নয়ন, আত্মনির্ভরশীলতা অর্জন ও কর্মসংস্থান সৃষ্টির অন্যতম কার্যকর মাধ্যম। বিশেষ করে গ্রামীণ নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈম আশরাফ, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আহসান হাবীব ঠান্ডু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফজলুল হক, চিতলমারী প্রেসক্লাবের সভাপতি মো. একরামুল হক মুন্সী এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. কামরুজ্জামান খান পিকলু।
আলোচনা সভা শেষে উন্নত জাতের গাভি পালনের মাধ্যমে সুবিধাবঞ্চিত নারীদের জীবনযাত্রার মান উন্নয়ন প্রকল্পের আওতায় দুই নারীকে আর্থিক সহায়তা দেওয়া হয়। প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার চরবানিয়ারী পশ্চিমপাড়া গ্রামের হরেকৃষ্ণ বিশ্বাসের স্ত্রী সরস্বতী বিশ্বাস এবং দড়িউমাজুড়ি গ্রামের নকুল চন্দ্র বাড়ৈর স্ত্রী অনিমা রানী বাড়ৈর হাতে এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকার চেক তুলে দেন।
সমবায়ের মাধ্যমে আর্থিক স্বাবলম্বিতা অর্জন, কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ নারীদের জীবনমান উন্নয়নের প্রত্যয় নিয়ে দিবসটির কর্মসূচি শেষ হয়।





















