রাঙামাটি প্রতিনিধি:
রাঙামাটির লংগদু উপজেলায় ছোট ভাইয়ের সঙ্গে খেলার সময় ঘরের দরজার পর্দায় গলায় ফাঁস লেগে অর্জিত চাকমা (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলার পশ্চিম বাইট্টা পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত অর্জিত চাকমা ওই এলাকার মিত্র দেব চাকমা ও কনা চাকমা দম্পতির সন্তান।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে অর্জিত চাকমা তার ছোট ভাইয়ের সঙ্গে খেলাধুলা করছিল। একপর্যায়ে সে নিজেই ঘরের দরজার পর্দা গলায় পেঁচায়, যা ফাঁস লেগে যায় তার। বিষয়টি বুঝতে পেরে পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে লংগদু সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত বলে
ঘোষণা করেন।
লংগদু থানার ভারপ্রাপ্ত (ওসি) জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু ( ইউডি) মামলা দায়ের করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।




















