স্পেশাল করেসপন্ডেন্ট: শফিকুল ইসলাম শফিক:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন ৮ নং ওয়ার্ড সাউদ পাড়া গ্রামে গ্রামবাসীর উদ্যোগে শাহী জামে মসজিদের মাটি কাটার কাজ উদ্বোধন করা হয়েছে।
জানা যায়, সাউদ পাড়া গ্রামে আগে থেকেই আরেকটি মসজিদ রয়েছে। গ্রামবাসীর মধ্যে মতপার্থক্যের কারণে এক পক্ষ নতুন করে শাহী জামে মসজিদ নির্মাণের উদ্যোগ নেন।
এই মসজিদের জন্য মোঃ হোসেন ও বকুল মিয়া, দুজনে মিলে ৬ কাঠা জমি শাহী জামে মসজিদের নামে দান করেছেন।
আজ শনিবার (৭ নভেম্বর ২০২৬) গ্রামবাসীর উপস্থিতিতে দোয়া ও মোনাজাতের মাধ্যমে মাটি কাটার কাজের উদ্বোধন করা হয়। এ সময় গ্রামবাসীর সাথে মাটি কাটায় অংশগ্রহণ করেন বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মুক্তার হোসেন।
গ্রামবাসীরা জানান, শুধু মসজিদ নয়, এখানে ঈদগাহ মাঠ হবে এবং ছেলে-মেয়েদের লেখাপড়ার জন্য একটি মক্তব তৈরি হবে।
এ বিষয়ে জমি দাতা মোঃ হোসেন আলী জানান, “আল্লাহর কাছে শুকরিয়া, একটি মসজিদের জন্য আমরা দুজনে মিলে ছয় কাঠা জমি দিতে পেরেছি। এতে আমরা নিজেদেরকে ধন্য মনে করছি।”
এ বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মুক্তার হোসেন বলেন, “আজকে গ্রামবাসীর সাথে মাটি কাটায় অংশগ্রহণ করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আমি চাই সবার সাথে মিলেমিশে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারি।”
তিনি আরও বলেন, “আমি মাননীয় এমপি মহোদয়, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল মহোদয়ের কাছে আবেদন করবো, যেন এই মসজিদে তিনি সরকারিভাবে অনুদান দেন।”
গ্রামবাসীর পক্ষ থেকে সাউদ পাড়া গ্রামের আনিসুল হক বাচ্চু মিয়া বলেন, “আজকে গ্রামবাসী সবাই মিলে মসজিদ, ঈদগাহ মাঠ এবং একটি মক্তব তৈরি করার জন্য যেভাবে মনের ভেতর উৎসাহ নিয়ে একতাবদ্ধ হয়ে কাজ করে যাচ্ছে, এটা সত্যিই আনন্দের। তাদের সাথে আমিও অংশগ্রহণ করেছি। আশা করি ইনশাআল্লাহ আমাদের মসজিদ, ঈদগাহ মাঠ এবং মক্তব হয়ে যাবে।”
তিনি আরও বলেন, “আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুদান চাই, যাতে আরও উন্নত করে, ভালো করে, সুন্দরভাবে মসজিদটি তৈরি হয়।”
এ সময় গ্রামের মুরুব্বি, যুবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
গ্রামবাসীরা আশা প্রকাশ করেন, সবার সহযোগিতায় মসজিদ, ঈদগাহ মাঠ ও মক্তবের কাজ সুন্দরভাবে সম্পন্ন হবে। তারা সবার কাছে দোয়া চেয়েছেন।






















