ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুষ্টিয়ায় বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ করেছে জেলা বিএনপি। শনিবার (৭ নভেম্বর) দুপুরে জেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
দুপুর ১২টার দিকে কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বর থেকে র্যালিটি বের করা হয়। এর আগে জেলার ছয়টি উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সেখানে সমবেত হন। পরে বিজয় উল্লাস চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ শেষে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বড় বাজার রেলগেটে গিয়ে শেষ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ। সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার।
এতে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফরিদা ইয়াসমিন এমপি, জাতীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী।
বক্তারা বলেন, দেশের গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালী করতে জনগণের মতামত ও ভোটাধিকার নিশ্চিত করা জরুরি। ৭ নভেম্বরের চেতনা থেকে শিক্ষা নিয়ে আমাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকতে হবে। দলীয় বিভেদ ভুলে সংগঠনকে শক্তিশালী করতে হবে এবং জনগণের আস্থা অর্জনে কাজ করতে হবে।
এ সময় জেলা বিএনপি, উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




















