আজিজুর রহমান আজিজ:
দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার মানোন্নয়নে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছেন হবিগঞ্জের চুনারঘাট উপজেলার ৫ নং শানখলা ইউনিয়নের সর্বস্তরের জনগণ ও স্থানীয় গণমাধ্যমকর্মী।
সম্প্রতি হবিগঞ্জ জেলা সফরে এসে প্রতিমন্ত্রীর বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন ও কোমলমতি শিক্ষার্থীদের সরাসরি পাঠদানের ব্যতিক্রমী উদ্যোগ সর্বমহলে প্রশংসিত হয়েছে।
তবে জেলার চুনারঘাট উপজেলার ৫ নং শানখলা ইউনিয়নটি একটি বৃহৎ ও দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় শিক্ষা, দীক্ষা, অবকাঠামো এবং যোগাযোগ ব্যবস্থার দিক থেকে দীর্ঘদিন ধরে অবহেলিত ও পিছিয়ে রয়েছে।
স্থানীয় গণমাধ্যমকর্মী জানান, বিশাল এই ইউনিয়নে দুই-একটি শিক্ষা প্রতিষ্ঠান বাদে সামগ্রিকভাবে প্রাথমিক শিক্ষার মান অত্যন্ত নাজুক। দুর্গম ভৌগোলিক অবস্থানের কারণে এখানকার শিশুরা মানসম্মত শিক্ষা ও আধুনিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।
এলাকাবাসীর পক্ষে স্থানীয় সংবাদকর্মী প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে হবিগঞ্জ জেলা সফরে স্বাগত ও অভিনন্দন জানিয়ে বলেন, প্রতিমন্ত্রীর দক্ষতা ও নতুন মনিটরিং নীতিমালার মতো সময়োপযোগী তদারকির মাধ্যমে দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের দৃশ্যমান পরিবর্তন আসছে।
শানখলা ইউনিয়নের শিশুদের ভবিষ্যৎ এবং শিক্ষার সার্বিক মানোন্নয়নের লক্ষ্যে এই দুর্গম অঞ্চলটি সরেজমিনে পরিদর্শন করার জন্য প্রতিমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ জানানো হয়েছে।
স্থানীয়দের প্রত্যাশা, প্রতিমন্ত্রী এই প্রত্যন্ত ইউনিয়নটি নিজে ঘুরে দেখে গেলে দীর্ঘদিনের অবহেলিত শিক্ষা অবকাঠামোর ব্যাপক উন্নয়ন ঘটবে।



















