মীর মোঃ রাকিব হাসান,বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রামে অনলাইন জুয়া পরিচালনা ও অবৈধ ডিজিটাল লেনদেনের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। বুধবার (৪ নভেম্বর) ভোরে পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় অনলাইন জুয়া ও বেটিংয়ের কাজে ব্যবহৃত পাঁচটি স্মার্টফোন ও একটি বাটন ফোনসহ মোট ছয়টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানা যায়, ডিবির অফিসার ইনচার্জ মো. ইকবাল বাহারের তত্ত্বাবধানে এসআই মো. ফেরদৌস আলীর নেতৃত্বে ডিবির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ৩টা ৩০ মিনিটে নন্দীগ্রাম থানার পণ্ডিতপুকুর বাজার এলাকায় মেসার্স দুই ভাই এন্টারপ্রাইজের গোডাউনের বারান্দায় অভিযান চালায়। সেখান থেকে মো. সোহেল রানা (২৮) ও মো. এমরান হোসেন (২৯) নামে দুজনকে আটক করা হয়।
পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন ভোর ৪টা ৫০ মিনিটে নন্দীগ্রামের মাধবকুড়ি এলাকায় অভিযান চালিয়ে তাঁদের সহযোগী হিসেবে অভিযুক্ত মো. রেজাউল করিম তানসেন (৩২)-কে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সোহেল রানা পণ্ডিতপুকুর এলাকার বাসিন্দা এবং এমরান হোসেন বৃকঞ্চি গ্রামের বাসিন্দা। অপরদিকে রেজাউল করিম তানসেন মাধবকুড়ি গ্রামের বাসিন্দা। তাঁদের তিনজনের বিরুদ্ধে অনলাইন জুয়া পরিচালনা ও ডিজিটাল মাধ্যমে অর্থ লেনদেনের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
ডিবি সূত্রে আরও জানা যায়, জব্দ করা মোবাইল ফোনগুলো প্রাথমিকভাবে পর্যালোচনা করে বিকাশ, নগদ, Binance-সহ বিভিন্ন ডিজিটাল ওয়ালেট ও ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্মের মাধ্যমে অনলাইন জুয়ার আর্থিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। এ ছাড়া 1Xbet, Mobcash, Reddy, Bybit ও Money-go নামের বিভিন্ন অ্যাপ ও ওয়েবসাইট ব্যবহারের প্রাথমিক প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় নন্দীগ্রাম থানায় নিয়মিত মামলা করা হয়েছে। বুধবার তাঁদের আদালতে পাঠানো হয়েছে বলে ডিবি সূত্রে জানা গেছে।





















