রামপাল (বাগেরহাট) প্রতিনিধি | আরিফ হাসান গজনবী:
আগামীকাল বৃহস্পতিবার (৫ নভেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমানের রামপাল–মোংলা সফর উপলক্ষে বাগেরহাটের রামপালে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ১০ নম্বর বাঁশতলী ইউনিয়নের গিলাতলা বাজারে এ কর্মসূচি পালিত হয়।
বাগেরহাট জেলা যুবদলের নেতা, তরুণ সমাজসেবক ও বাঁশতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মল্লিক জুবায়ের হোসেনের উদ্যোগে এবং স্থানীয় যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের আয়োজনে এ আনন্দ মিছিল বের করা হয়।
মিছিলটি গিলাতলা বাজারের প্রধান প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে। এ সময় ব্যানার-ফেস্টুন হাতে নেতাকর্মীরা তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। মিছিলে স্থানীয় যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার সাধারণ মানুষ অংশ নেন।
মিছিল শেষে গিলাতলা বাজারে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন মল্লিক জুবায়ের হোসেন। তিনি বলেন, “আমাদের প্রিয় জেলায় দেশনায়ক তারেক রহমানের আগমন আমাদের জন্য আনন্দ ও গৌরবের বিষয়। বাঁশতলী ইউনিয়নের সর্বস্তরের তরুণ সমাজ ও নেতাকর্মীদের নিয়ে তাঁকে বরণ করতে আমরা প্রস্তুত।”
তিনি প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে আগামীকালের কর্মসূচি সফল করতে বাঁশতলী ইউনিয়নসহ রামপালের সর্বস্তরের মানুষকে দলমত নির্বিশেষে মোংলার জিরো পয়েন্টে উপস্থিত হওয়ার আহ্বান জানান।
কর্মসূচিতে স্থানীয় যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গিলাতলা বাজার এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।




















