তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় দীর্ঘ প্রায় ৮ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে চা শ্রমিক ইউনিয়নের পঞ্চায়েত, ভ্যালি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদের বহুল প্রতীক্ষিত নির্বাচন। আগামী ২৮ নভেম্বর উপজেলার ১৮টি চা বাগানে একযোগে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এতে ভোটাধিকার প্রয়োগ করবেন প্রায় চার হাজার চা শ্রমিকরা।
নির্বাচন সুষ্ঠু,শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে বড়লেখায় সর্বাত্মক প্রস্তুতি শুরু করেছে প্রশাসন। এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ সেমিনার কক্ষে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং চা বাগানের ব্যবস্থাপকদের নিয়ে এক সমন্বয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব আলম মাহবুব এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন নির্বাচনের সমন্বয়ক এবং বিভাগীয় শ্রম দপ্তর (ঢাকা)-এর উপ-পরিচালক মো. খোরশেদ আলম।
সভায় খোরশেদ আলম বলেন, “দীর্ঘ প্রায় আট বছর পর চা শ্রমিকদের নিজস্ব পঞ্চায়েত, ভ্যালি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদ নির্বাচনের আয়োজন করা হয়েছে। চা শ্রমিকরা যাতে উৎসবমুখর পরিবেশে স্বতঃস্ফূর্ত ও নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করে নেতৃত্ব নির্বাচন করতে পারেন, সেজন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া, বড়লেখা থানার পরিদর্শক (তদন্ত) ওবায়দুল হক, উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান রফিক উদ্দিন ও দক্ষিণভাগ দক্ষিণ ইউপি চেয়ারম্যান আমিনুল হক সহ সাংবাদিক প্রমুখ।
এ ছাড়া চা বাগান ব্যবস্থাপকদের মধ্যে বক্তব্য রাখেন অহিদাবাদ চা বাগানের ব্যবস্থাপক আলী আসকর, রহমানিয়া চা বাগানের ব্যবস্থাপক রফিকুল আলম, শাহবাজপুর চা বাগানের ব্যবস্থাপক নাহিদ ফেরদৌস চৌধুরী, বাহাদুরপুর চা বাগানের ব্যবস্থাপক এস এম ইকরামুল কবির, পাল্লাথল চা বাগানের ব্যবস্থাপক নজরুল ইসলাম, মো. সাঈদুজ্জামান এবং কেরামতনগর চা বাগানের ব্যবস্থাপক মাহমুদুল হাসান মাসুম প্রমুখ।
সভায় উপস্থিত বাগান ব্যবস্থাপক ও স্থানীয় জনপ্রতিনিধিরা অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষে উপজেলা প্রশাসন ও নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন।





















