অরুন কুমার সরকার চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের চিতলমারী উপজেলায় একটি মৎস্য ঘের থেকে অনিক দাস (৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয় লোকজন।
বুধবার (৪ নভেম্বর ২০২৬) বিকেল ৫টার দিকে উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের বড়গুনি এলাকার মিজানুর রহমানের মৎস্য ঘের থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
নিহত অনিক দাস যশোর জেলার মনিরামপুর উপজেলার হোগলাডাঙ্গা গ্রামের ক্ষিদির দাসের ছেলে। তার বাবা পেশায় একজন সুইপার। কাজের সুবাদে তিনি চিতলমারী উপজেলার শিবপুর ইউনিয়নের নালুয়া বাজার এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ৯টার দিকে অনিক দাস বাড়ি থেকে কাপড়বিহীন অবস্থায় বের হয়ে যায়। পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তাকে আটকানোর চেষ্টা করলে সে দৌড়ে বড়বাড়িয়া ইউনিয়নের বড়গুনি এলাকার সবজি ও মাছের ঘেরের দিকে চলে যায়। পরে তার বাবা ও স্থানীয় লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে খুঁজে পাননি। একপর্যায়ে বিকেলে মৎস্য ঘেরে শিশুটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা।
স্থানীয় সূত্রে আরও জানা গেছে, শিশুটি মানসিক ভারসাম্যহীন ছিল। সে ঋষি সম্প্রদায়ের সদস্য।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে এম মাসুম জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হবে।
শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।



















