রুহুল আমিন, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে কঠোর অবস্থান নিয়ে জনমনে ব্যাপক প্রশংসিত হচ্ছেন তাড়াইল থানার উপ-পরিদর্শক (এসআই) ফোরকান মোল্লা।
গত কয়েক মাসে তাড়াইল উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী ধারাবাহিক অভিযান পরিচালনা করে বেশ কয়েকজন শীর্ষ মাদক কারবারি ও সেবনকারীকে আইনের আওতায় এনেছেন এসআই ফোরকান মোল্লা। তাঁর এই সাহসী ও আপসহীন ভূমিকার কারণে দীর্ঘদিন ধরে গোপনে গড়ে ওঠা মাদকের আড্ডাগুলো প্রায় ধ্বংস হয়ে গেছে।
স্থানীয় সচেতন মহলের সাথে কথা বলে জানা যায়, পূর্বে উপজেলার বিভিন্ন পয়েন্টে মাদকের বিস্তার তরুণ সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিলেও বর্তমান পুলিশ প্রশাসনের বিশেষ করে এসআই ফোরকান মোল্লার সাঁড়াশি অভিযানের ফলে পরিস্থিতির দ্রুত উন্নতি ঘটছে। তিনি যোগদানের পর থেকেই মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন এবং নিয়মিত ও আকস্মিক অভিযানে মাদক সম্রাটদের ঘুম হারাম করে দিয়েছেন।
এ বিষয়ে স্থানীয় সাধারণ মানুষ ও অভিভাবকরা জানান, “এস আই ফোরকান মোল্লার তৎপরতায় এলাকার যুবসমাজ অনেকটাই নিরাপদ রয়েছে। মাদক কারবারিরা এখন তাঁর নাম শুনলেই এলাকা ছাড়তে বাধ্য হয়। আমরা চাই তাড়াইল উপজেলাকে পুরোপুরি মাদক মুক্ত করতে তাঁর এই অভিযান অব্যাহত থাকুক।
তাড়াইল থানার উপ-পরিদর্শক (এসআই) ফোরকান মোল্লা বলেন, উপজেলার আইন-শৃঙ্খলা রক্ষা এবং মাদকের মতো সামাজিক ব্যাধি নির্মূল করতে তাড়াইল থানা পুলিশ সর্বদা তৎপর রয়েছে। মাদক কারবারি যতই প্রভাবশালী হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না।




















