জাহিদ হাসান জীবন, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হাসানগঞ্জ বাজারে অগ্নিকাণ্ডে তিন ব্যবসায়ীর দোকান ও দুটি গোডাউন পুড়ে প্রায় ৩৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের মধ্যে একজনকে ২ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হলেও অপর দুই ব্যবসায়ী এরশাদ মিয়া ও হাফিজুর রহমানের পাশে এখনো কেউ দাঁড়ায়নি।
গত ৩১ অক্টোবর রাতে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের হাসানগঞ্জ বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে। এতে ব্যবসায়ী মিজানুর রহমানের মুদি দোকান ও দুটি গোডাউনে প্রায় ২৫ লাখ টাকা, তাঁর ভাই এরশাদ মিয়ার কাঠের দোকানে ১ লাখ টাকা এবং হাফিজুর রহমানের হার্ডওয়্যার দোকানে প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বাজারের নৈশপ্রহরী আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে সুন্দরগঞ্জ ও পীরগাছা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মিজানুর রহমানকে ২ লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছেন হাসানগঞ্জ বাজার বণিক সমিতির নব-নির্বাচিত সভাপতি এম জি রব্বানী সরকার।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী এরশাদ মিয়া ও হাফিজুর রহমান জানান, অগ্নিকাণ্ডে তাঁদের যথাক্রমে ১ লাখ ও ৭ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। দীর্ঘদিনের ব্যবসার পুঁজি হারিয়ে তাঁরা এখন আর্থিক সংকটে পড়েছেন। নতুন করে ব্যবসা শুরু করার সামর্থ্যও তাঁদের নেই। এখন পর্যন্ত কেউ সহযোগিতার হাত বাড়িয়ে না দেওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বিত্তবানদের সহায়তা কামনা করেছেন তাঁরা।





















