পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইয়ানুর (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
সোমবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার দেবীগঞ্জ সদর ইউনিয়নের ধরধরা পুল এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত ইয়ানুর দেবীগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম মুন্সীপাড়া এলাকার হাসেন আলীর ছেলে।
আহতরা হলেন—বোদা উপজেলার সাতখামার এলাকার সাজ্জাদ হোসেন (২৩) ও জীবন ইসলাম (৩৫) এবং দেবীগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম মুন্সীপাড়া এলাকার সাব্বির হোসেন (১৭)।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ইয়ানুর তাঁর ফুফাতো ভাই সাব্বিরকে নিয়ে মোটরসাইকেলে করে দেবীগঞ্জের দিকে যাচ্ছিলেন। একই সময়ে বিপরীত দিক থেকে জীবন ও সাজ্জাদ অপর একটি মোটরসাইকেলে দেবীগঞ্জ থেকে বসুনিয়ার হাটের দিকে যাচ্ছিলেন। পথে ধরধরা পুল এলাকায় পৌঁছালে মোটরসাইকেল দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় মোটরসাইকেলের চার আরোহী গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানোর পরামর্শ দেন। তবে রংপুরে নেওয়ার পথে ইয়ানুরের মৃত্যু হয়।
দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুটি মোটরসাইকেলের সংঘর্ষে চারজন আহত হন। তাঁদের উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়েছিল। রংপুরে নেওয়ার পথে ইয়ানুর নামে এক যুবকের মৃত্যু হয়।
তিনি আরও জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।





















