প্রি-পেইড বিদ্যুৎ মিটার বাতিল, ডিজিটাল মিটার পুনঃস্থাপন এবং গ্রাহক হয়রানি বন্ধের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। দাবি পূরণ না হলে আগামী ৩০ নভেম্বর আধাবেলা হরতাল পালনের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।
সোমবার সকালে বিদ্যুৎ গ্রাহক ও সেচ পাম্প মালিক সমিতি গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে পৌর পার্ক চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক ড. মনিরুজ্জামানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর দাবিসংবলিত স্মারকলিপি প্রদান করা হয়।
এর আগে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে আনোয়ার রহমানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মাসুদুর রহমান, আব্দুর রহিম, আব্দুল হালিম, মাহবুর রহমান, আবুল কালাম, ঋষিকেশ বর্মন, আকিজ মিয়া, খলিল মিয়া, আব্দুর নুর ও শাহিন মিয়াসহ অন্যান্য নেতারা।
সমাবেশে বক্তারা বলেন, প্রি-পেইড মিটারের নামে গ্রাহকদের নানা ধরনের হয়রানির শিকার হতে হচ্ছে। ডিমান্ড চার্জ, মিটার ভাড়া ও অতিরিক্ত বিদ্যুৎ বিলের নামে গ্রাহকদের ওপর বাড়তি আর্থিক চাপ সৃষ্টি করা হচ্ছে। এসব অনিয়ম ও হয়রানি বন্ধ করে প্রি-পেইড মিটার বাতিল এবং আগের ডিজিটাল মিটার পুনঃস্থাপন করতে হবে।
বক্তারা আরও বলেন, যেসব বিদ্যুৎ গ্রাহকের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে, সেসব মামলা তদন্তের মাধ্যমে প্রত্যাহার করতে হবে। দীর্ঘদিন ধরে প্রি-পেইড মিটার বাতিলের দাবি জানিয়ে আসলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ২০ নভেম্বরের মধ্যে সরকার এ বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। প্রয়োজনে হরতালের মতো কঠোর কর্মসূচি পালন করা হবে। দাবি পূরণ না হলে আগামী ৩০ নভেম্বর সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গাইবান্ধা শহরে আধাবেলা হরতাল পালন করা হবে।





















