সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অটোভ্যানে মালবোঝাই ট্রাকের ধাক্কায় এনামুল হক (৪০) নামে এক পান শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোভ্যানচালকসহ দুজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে আনোয়ার হোসেন (৪২) নামে একজনের অবস্থা আশঙ্কাজনক।
সোমবার (২ নভেম্বর) সকালে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের জামালহাটের কামরাঙ্গার তল এলাকায় রংপুর-সুন্দরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে তিন শ্রমিক স্থানীয় একটি পানের বরজে কাজ করতে যাচ্ছিলেন। এ সময় মহাসড়কের পাশে তাঁদের অটোভ্যানটি দাঁড়িয়ে থাকলে পেছন থেকে আসা একটি মালবোঝাই ট্রাক ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে ট্রাকের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই এনামুল হক মারা যান। আহত হন অটোভ্যানচালকসহ আরও দুজন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তাঁদের মধ্যে আনোয়ার হোসেনের অবস্থা আশঙ্কাজনক। অটোভ্যানচালক প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
নিহত এনামুল হক রংপুরের মিঠাপুকুর উপজেলার ইমাদপুর ইউনিয়নের ইমাদপুর (হাজীপাড়া) গ্রামের মৃত সোলেমানের ছেলে। আহত আনোয়ার হোসেন একই এলাকার মো. মোন্তাজ আলীর ছেলে।
বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দাঁড়িয়ে থাকা অটোভ্যানে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই একজন নিহত ও দুজন আহত হয়েছেন। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।





















