রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জে একটি রেষ্ট হাউজের ম্যানেজারের গলায় ধারালো অস্ত্র ধরে ক্যাশের চাবি দাবি এবং মারধর করে ৫০ হাজার টাকা লুটের অভিযোগ উঠেছে চার যুবকের বিরুদ্ধে। এ সময় ম্যানেজারের পরিবারের কাছে ফোন করে বিকাশের মাধ্যমে আরও ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি হিসেবে তারা নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে রোববার (১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রামগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন রামগঞ্জ রেষ্ট হাউজ নামের একটি আবাসিক হোটেলে।
এ ঘটনায় রেষ্ট হাউজের মালিক মো. তোফাজ্জল হোসেন রামগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে অভিযুক্ত হিসেবে মো. শাকিল (২৮), শাওন (২৫), শামীম উদ্দিন (৩০) ও আনোয়ার হোসেন (২৮) নামের ৪ জনের নাম উল্লেখ করা হয়েছে।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার সময় রেস্ট হাউজ ম্যানেজার মো. আরিফ (২০) দায়িত্ব পালন করছিলেন। এ সময় অভিযুক্ত শাকিল তাঁর গলায় ছুরি ধরে ক্যাশের চাবি দাবি করেন। চাবি দিতে অস্বীকৃতি জানালে তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজসহ লাঠিসোঁটা দিয়ে এলোপাতাড়ি আঘাত এবং কিল-ঘুষি মেরে জখম করা হয়।
একপর্যায়ে অভিযুক্তরা সকলে দোকানের ক্যাশবক্স ভেঙে সেখানে থাকা ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যান। পরে ম্যানেজারের পরিবারের কাছে ফোন করে আরও ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন। পরিবারের পক্ষ থেকে বিকাশে টাকা পাঠানোর পর অভিযুক্তরা কোনো আইনগত পদক্ষেপ নেওয়া হলে ম্যানেজারকে হত্যাসহ বিভিন্ন ধরনের হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগকারী মো. তোফাজ্জল হোসেন জানান, অভিযুক্তদের এমন কর্মকাণ্ডে তিনি ও তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফিরোজ উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশ অভিযান পরিচালনা করছে। অভিযুক্তদের আটকে পুলিশ তৎপর রয়েছে।





















