আজিজুর রহমান (হবিগঞ্জ):
সিলেট বন বিভাগের রঘুনন্দন রেঞ্জের শাহপুর বিটের ডেওয়াতলী ক্যাম্প সংলগ্ন সংরক্ষিত বনাঞ্চলে অবৈধভাবে গাছ কাটার সময় বন বিভাগের এক সফল অভিযানে দুই কাঠ পাচারকারীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২২ ঘনফুট আকাশমণি কাঠ এবং একটি নম্বরবিহীন ট্রাক্টর জব্দ করা হয়।
গত ১ নভেম্বর (রবিবার) দিবাগত রাত ২.০০টার দিকে স্থানীয় উপকারভোগীদের (বেনিফিশিয়ারি) সার্বিক সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন— হবিগঞ্জ জেলার চুনারুঘাট এলাকার বাসিন্দা মো. খোকন মিয়া (৩৩) এবং সুমন মিয়া (৩০)।
বন বিভাগ সূত্রে জানা যায়, সিলেট বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এবং হবিগঞ্জের সহকারী বন সংরক্ষকের (এসিএফ) সার্বক্ষণিক তত্ত্বাবধান ও নির্দেশনায় এ অভিযান চালানো হয়। অভিযানে রঘুনন্দন রেঞ্জের ডেপুটি রেঞ্জার রবীন্দ্র কিশোর রায় ও ফরেস্ট গার্ড (এফজি) শেখ শহীদুল ইসলাম নেতৃত্ব দেন।
গভীর রাতে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধভাবে গাছ কেটে ট্রলিতে তোলার সময় স্থানীয় জনসাধারণের সহায়তায় তাদের হাতেনাতে আটক করা হয়।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে বন আইনের সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) সকালে জব্দকৃত কাঠ ও ট্রাক্টরসহ আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
বনের সম্পদ রক্ষায় বন বিভাগের এ ধরনের কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন।





















