মীর মোঃ রাকিব হাসান বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়ায় অভিযান চালিয়ে কোবরা বাহিনীর অন্যতম সদস্য রতন পাইকারসহ সাতজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাঁদের কাছ থেকে মোট ৫৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়েছে।
রোববার (১ নভেম্বর ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১টা ২০ মিনিটের দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার বেজোড়া ঘাটপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বগুড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কোবরা বাহিনীর অন্যতম সদস্য রতন পাইকার তাঁর সহযোগীদের নিয়ে বেজোড়া বাজারের আকবর আলীর গ্যারেজে এক অজ্ঞাতনামা যুবককে আটক করে মারধর করছেন। এমন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) মো. রুবেল প্রামাণিকের নেতৃত্বে ডিবির একটি দল সেখানে অভিযান চালায়।
অভিযানকালে রতন পাইকার (৩৬), বাবু শেখ (৩২), মিরাজ মোল্লা (৩৫), সুমন মিয়া (২৮), রাজু মিয়া (২৭) ও রিয়াদ সাকিদার (২৭) নামে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের দেহ তল্লাশি করে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।
পরবর্তীতে গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে বগুড়া সদর থানার কুকরুল এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আরেক সহযোগী আবুল বাশার বাপ্পী (২৫)-কে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর হেফাজত থেকে আরও ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ডিবি সূত্রে জানা যায়, পৃথক দুটি অভিযানে মোট সাতজনকে গ্রেপ্তার এবং ৫৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বগুড়া সদর ও শাজাহানপুর থানায় হত্যা, মারামারি, বিশেষ ক্ষমতা আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন আইনে আটটির বেশি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার সাতজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শাজাহানপুর থানায় নিয়মিত মামলা করা হয়েছে।





















