তনয় কান্তি পিন্টু,সুনামগঞ্জ (ধর্মপাশা) প্রতিনিধি ;
দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ এই প্রতিপাদ্য কে সামনে রেখে নানা আয়োজনের মধ্যদিয়ে সুনামগঞ্জের ধর্মপাশায় পালিত হয়েছে জাতীয় যুব দিবস – ২০২৬।
রবিবার (১ নভেম্বর) সকাল সাড়ে দশটায় ধর্মপাশা উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে উপজেলা চত্বর একটি বর্নাঢ্য যুব র্যালী প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। র্যালীতে বিভিন্ন যুব সংগঠনের সদস্য, প্রশিক্ষনার্থী, স্থানীয় তরুণ সমাজ এবং সরকারি, বে- সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারীরা অংশ গ্রহণ করেন।
র্যালী শেষে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা, যুব ঋণের চেক ও সনদ পত্র বিতরণ করা হয়।
উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা পৃথ্বিশ পালের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মো: মবিন হায়। শুভেচ্ছা বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনোয়ার হোসেন।
আরও বক্তব্য দেন মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহিমা খানম,জাতীয় যুব কাউন্সিলের সম্মানিত সদস্য ফারুক আহমেদ,উদীয়মান যুব সংগঠনের সভাপতি মো:শাহাদত হোসেন, যুব নারী এবং আত্ম কর্মী সোনিয়া আক্তার, যুব উন্নয়ন থেকে প্রশিক্ষন প্রাপ্ত আত্মকর্মী আমিনুল ইসলাম, প্রশিক্ষিত যুব নারী রাখি দেব প্রমুখ।
সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন, অর্থনৈতিক অগ্রগতি, সমৃদ্ধি অর্জনে তরুণ সমাজের মেধা, সৃজনশীলতা ও কর্মক্ষমতা কে কাজে লাগানোর বিকল্প নাই। যুব সমাজকে কেবল প্রচলিত চাকরি প্রার্থী হিসেবে না গড়ে দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে।
বর্তমান ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় যুবকদের আধুনিক জ্ঞান, কারিগরি শিক্ষা ও আত্মনির্ভরশীলতার উপর বিশেষ জোর দেওয়া হয়।
সভা শেষে সফল আত্ম কর্মী ও উদ্যোক্তাদের মাঝে যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ করা হয়।





















