লক্ষ্মীপুর প্রতিনিধি:
সারাদিনের কর্মব্যস্ততা শেষে বিকেল নামতেই পাখিদের কিচিরমিচির শব্দে মুখরিত হয়ে ওঠে লক্ষ্মীপুরের সরকারি অফিসপাড়া। ঝাঁকে ঝাঁকে পাখি উড়ে এসে আশ্রয় নেয় গাছের ডালে। তাদের কলকাকলিতে তৈরি হয় এক মনোমুগ্ধকর পরিবেশ। পাখিদের এমন উপস্থিতি পথচারী, কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয়দের মনে এনে দেয় প্রশান্তি।
লক্ষ্মীপুর শহরের ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়কের ঝুমুর এলাকায় জেলা প্রশাসকের কার্যালয়, জেলা ও দায়রা জজ আদালত, পুলিশ সুপারের কার্যালয়, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডসহ আশপাশের বিভিন্ন গাছে প্রতিদিন বিকেলে পাখিদের এমন বিচরণ দেখা যায়। গাছের পাশাপাশি বিদ্যুতের খুঁটি, তার ও আশপাশের বিভিন্ন স্থাপনাতেও বসে পাখিরা।
পাখিদের এই অবাধ বিচরণ ও নিরাপদ আবাসস্থল নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। এরই মধ্যে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণের বিভিন্ন গাছে স্থাপন করা হয়েছে শতাধিক পাখির বাসা। পাখিদের নিরাপদে রাতযাপনের সুযোগ করে দিতে পর্যায়ক্রমে আরও বাসা স্থাপনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি শহরের অন্যান্য যেসব স্থানে পাখিদের বিচরণ রয়েছে, সেখানেও এ ধরনের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন।
স্থানীয়দের মতে, প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় পাখিদের নিরাপদ আবাসস্থল নিশ্চিত করা জরুরি। জেলা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তারা।
সরকারি অফিসপাড়া দিয়ে চলাচলকারী পথচারীরা জানান, বিকেলে এ সড়ক দিয়ে হাঁটার সময় পাখিদের কিচিরমিচির শব্দে এক ধরনের প্রশান্তি অনুভূত হয়। হাজার হাজার পাখি একসঙ্গে উড়ে এসে আশপাশের গাছগুলোতে বসে। তাদের কলকাকলিতে পুরো এলাকায় তৈরি হয় এক অন্যরকম পরিবেশ, যা ব্যস্ত নগরজীবনে এনে দেয় স্বস্তির অনুভূতি।
জেলা প্রশাসকের কার্যালয়ের কয়েকজন কর্মকর্তা-কর্মচারী জানান, শীতের সময় এসব পাখির উপস্থিতি বেশি দেখা যায়। প্রতিদিন বিকেলে হাজার হাজার পাখি গাছের ডাল, রাস্তার পাশের বিদ্যুতের খুঁটি ও তারে বসে। সন্ধ্যার আগে তাদের কিচিরমিচিরে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। সন্ধ্যার পর পাখিরা শান্ত হয়ে রাতযাপন করে।
তারা আরও জানান, চাকরির সুবাদে প্রতিদিনই পাখিদের এমন মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করার সুযোগ হয়। তাদের ভাষ্য অনুযায়ী, এসব পাখির অনেকগুলোই অতিথি পাখি, যেগুলো শীত মৌসুমে সাইবেরিয়া অঞ্চল থেকে আসে।
এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খীসা বলেন, “পাখিদের নিরাপদ বাসস্থানের অভাবে অনেক সময় গাছের ডালে রাত কাটাতে হয়। পাখি ও প্রকৃতি সংরক্ষণের লক্ষ্যে জেলা প্রশাসক মহোদয়ের উদ্যোগে বিভিন্ন গাছে কিছু বাসা স্থাপন করা হয়েছে। আশা করছি, এসব বাসায় পাখিরা নিরাপদে রাতযাপন করতে পারবে এবং তাদের জন্য নিরাপদ আবাসস্থল তৈরি হবে।”
তিনি আরও বলেন, “পাখি, প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে আমাদের এ উদ্যোগ। আমরা সবাই এগিয়ে এলে প্রকৃতি সংরক্ষণ করা সম্ভব হবে।”




















