ইসলামের শান্তির বার্তা ও উত্তম আখলাকের ওপর গুরুত্বারোপ প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলামের
রামপাল (বাগেরহাট) প্রতিনিধি: আরিফ হাসান গজনবী
বর্ণাঢ্য আয়োজন, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পুনর্মিলন এবং স্মৃতিচারণের মধ্য দিয়ে বাগেরহাটের রামপালে ফয়লাহাট আছিয়া কারামতিয়া আলিম মাদ্রাসার সুবর্ণজয়ন্তী ও মিলনমেলা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে বুধবার (২১ অক্টোবর) দিনব্যাপী এ আয়োজনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
বুধবার সকাল ১১টায় মাদ্রাসা প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ তামান্না ফেরদৌসী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব শরীফ আব্দুল কাদের।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম, এমপি।
বক্তব্যে তিনি ধর্মীয় সহনশীলতা, উত্তম চরিত্র ও ইসলামের শান্তির বার্তা তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, জোর করে কাউকে ধর্মান্তরিত করা যায় না। মহানবী হজরত মুহাম্মদ (সা.) তাঁর উত্তম আখলাক, চারিত্রিক গুণাবলি ও সুন্দর কর্মকাণ্ডের মাধ্যমে মানুষকে ইসলামের প্রতি অনুপ্রাণিত করেছেন। আলেম-ওলামাদেরও জ্ঞান ও দক্ষতা অর্জনের পাশাপাশি উত্তম চরিত্র এবং সুন্দর আচরণের মাধ্যমে বিশ্বদরবারে ইসলামের শান্তির বার্তা তুলে ধরতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর (প্রশাসন) গাজী মোনাওয়ার হুসাইন তামীম। বক্তব্যে তিনি অতীত ও বর্তমান সরকারের কর্মপদ্ধতি এবং নেতৃত্বের তুলনামূলক প্রসঙ্গ তুলে ধরেন। এ সময় তিনি সরকারের ভালো-মন্দ মূল্যায়নের পাশাপাশি ব্যক্তির চারিত্রিক বৈশিষ্ট্য ও নেতৃত্বের পার্থক্য বিবেচনার কথা বলেন।
এ ছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রামপাল উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল পাটোয়ারীসহ আমন্ত্রিত অতিথিরা। বক্তারা প্রতিষ্ঠানের দীর্ঘ শিক্ষাযাত্রা, ধর্মীয় ও নৈতিক শিক্ষার গুরুত্ব এবং শিক্ষার্থীদের জীবনে এ ধরনের প্রতিষ্ঠানের অবদানের কথা তুলে ধরেন।
সুবর্ণজয়ন্তী ও মিলনমেলাকে ঘিরে মাদ্রাসার প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। দীর্ঘদিনের সহপাঠী, শিক্ষক ও শুভানুধ্যায়ীদের মিলনমেলায় স্মৃতিচারণ ও পারস্পরিক সৌহার্দ্যের আবহ তৈরি হয়।
প্রতিষ্ঠার পাঁচ দশক পূর্তির এ আয়োজন ফয়লাহাট আছিয়া কারামতিয়া আলিম মাদ্রাসার শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতা চর্চার দীর্ঘ পথচলাকে স্মরণীয় করে রাখে।




















