নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে হত্যা এবং সুনামগঞ্জের দোয়ারাবাজারে সাংবাদিক এম এ মোতালিব ভূঁইয়ার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সুনামগঞ্জের মধ্যনগরে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) দুপুর ১টার দিকে মধ্যনগর বাজার শহীদ মিনার চত্বরে মধ্যনগর উপজেলা প্রেসক্লাব এই কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে একজন সাংবাদিককে গুলি করে হত্যা এবং আরেকজন সাংবাদিকের ওপর হামলা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। তারা অবিলম্বে এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত, জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সাথে মাঠ পর্যায়ে কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়।
কর্মসূচিতে মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল কাদির, সাইদুর রহমান জিয়া, মো. আব্দুল মুসাব্বির, সাধারণ সম্পাদক মো. আল আমীন, যুগ্ম সাধারণ সম্পাদক সুরঞ্জন তালুকদার, দপ্তর সম্পাদক শিহাব মিয়া, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক কালবেলা প্রতিনিধি সানোয়ার হোসেন খোকা, আজকের খবরের প্রতিনিধি মো. আসরাফ উদ্দিন হিল্লোল, সদস্য বাছির আহম্মদসহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় প্রেসক্লাবের সহ-সভাপতি সাইদুর রহমান জিয়া বলেন, “সাংবাদিকরা সমাজের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে লেখেন। এ জন্য তাদের ওপর হামলা ও হত্যা মানে স্বাধীন সাংবাদিকতার কণ্ঠরোধ করার চেষ্টা। অপরাধীরা পার পেয়ে গেলে সাংবাদিকরা নিরাপত্তাহীনতায় ভুগবে।”
অপর সহ-সভাপতি মো. আব্দুল মুসাব্বির বলেন, “সাংবাদিকদের নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। আমরা চাই দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হোক, যাতে ভবিষ্যতে কেউ সাংবাদিকদের ওপর হামলা করার সাহস না পায়।”
উল্লেখ্য, গত ১৫ অক্টোবর রাতে দুর্গাপুরে বেসরকারি টিভি চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। অপরদিকে ১৮ অক্টোবর সন্ধ্যায় দোয়ারাবাজারে মাদক নিয়ে সংবাদ প্রকাশের জেরে দৈনিক সংবাদের প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মোতালিব ভূঁইয়ার ওপর হামলার অভিযোগ উঠে।




















