আল-আমিন হাসান, নিকলী (কিশোরগঞ্জ)
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কিশোরগঞ্জের নিকলী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা। এ সময় তাঁরা সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার সার্বিক আয়োজন ও নিরাপত্তা পরিস্থিতির খোঁজখবর নেন।
নিকলী উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট হাজী বদরুল মোমেন মিঠু ও সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম তালুকদার হেলিমের নেতৃত্বে গতকাল শনিবার নিকলী সদর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করা হয়। পরিদর্শন করা মণ্ডপগুলোর মধ্যে ছিল ধোপাহাটির দুটি, বর্মনপাড়ার দুটি এবং বড়হাটির একটি পূজামণ্ডপ।
এ সময় বিএনপি নেতারা পূজার আয়োজন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজ নেন এবং পূজারীদের সঙ্গে কুশল বিনিময় করেন। তাঁদের সঙ্গে ছিলেন নিকলী উপজেলা বিএনপির সহসভাপতি মো. সাইফুল ইসলাম, পূজা উদ্যাপন ফ্রন্টের সাবেক নেতা সুকুমার বর্মন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. শরিফুল হক, যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স মাহমুদ তুহিনসহ স্থানীয় নেতাকর্মীরা।
বড়হাটি পূজামণ্ডপ প্রাঙ্গণে নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. শামীম আরার সঙ্গে বিএনপি নেতাদের সাক্ষাৎ হয়। এ সময় তাঁরা শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি উপজেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। পরে উপজেলা প্রশাসন ও বিএনপি নেতারা যৌথভাবে বড়হাটি ও বর্মনপাড়ার পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং দুর্গাপূজার সার্বিক সাফল্য কামনা করেন।
পরিদর্শন শেষে বিএনপি নেতারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সব ধর্মের মানুষ যেন আনন্দ ও শান্তিপূর্ণ পরিবেশে নিজ নিজ ধর্মীয় উৎসব উদ্যাপন করতে পারেন, সেটিই তাঁদের প্রত্যাশা। পূজার নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পাশাপাশি বিএনপির নেতাকর্মীরাও সহযোগিতা করছেন বলে তাঁরা জানান।




















