নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনা সীমান্তে দুর্গাপুরে প্রকাশ্যে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে দুর্বৃত্তের গুলিতে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির (৪০) নিহত হয়েছেন। এ ঘটনার একদিন পর থানায় মামলা করেছেন তার স্ত্রী ।
শুক্রবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে নিহত সাংবাদিকের স্ত্রী আন্দদিতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭-৮ জনকে আসামি করে দুর্গাপুর থানায় একটি হত্যা মামলা করেন।
গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলার সীমান্তবর্তী দুর্গাপুর উপজেলার বিরিশিরির তেলুঞ্জিয়া গ্রামে একটি চায়ের দোকানের সামনে দুর্বৃত্তরা গুলি করে সাংবাদিক আলিফ ফকিরকে হত্যা করে।
নিহত লুৎফুজ্জামান আলিফ বেসরকারি আইপিটিভি চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি ছিলেন।এছাড়া ও তিনি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন নিয়মিত।
নিহত সাংবাদিকের স্ত্রী আন্দদিতা সাংমা আবেগ আপ্লুত হয়ে বলেন, আমি স্বামীকে হারিয়ে থানায় মামলা করেছি। এখন আমাকে না খেয়ে থাকতে হবে। আমার বাচ্চা দুটো অসহায় হয়ে গেছে।আমি খুনের সঙ্গে জড়িতদের ফাঁসি চাই।আমি ও আমার বাচ্চাদের নিরাপত্তা চাই। ওরা আমাদেরকে ও মেরে ফেলতে পারে।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহমেদ জানান, নিহতের স্ত্রী থানায় মামলা করেছেন। পরিবারের সাথে কথা বলে তাদের নিরাপত্তার বিষয়টি ভেবে দেখা হচ্ছে।





















