বিপ্লব তালুকদার খাগড়াছড়ি:
খাগড়াছড়ির পানছড়ির মেয়ে মাসিনু মারমা এবার আন্তর্জাতিক অঙ্গনে অর্জন করলেন বিশেষ সম্মাননা। জুডো ও কুস্তিতে ধারাবাহিক সাফল্যের স্বীকৃতিস্বরূপ থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ‘নাইনথ ওয়ার্ল্ড মিট ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডস ২০২৬’-এ তিনি পেয়েছেন ‘ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড ফর পিস অ্যান্ড হিউম্যানিটি’।
ব্যাংককের রয়্যাল রতনাকোসিন হোটেলে জমকালো আয়োজনে মাসিনু মারমার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। ওয়ার্ল্ড মিট টিম আয়োজিত এবারের অনুষ্ঠানে বিশ্বের ৫৫টি দেশের প্রতিনিধিরা অংশ নেন। মার্শাল আর্ট, নৃত্য, সংগীত ও ফ্যাশন শোসহ বিভিন্ন বিভাগে প্রতিযোগীর সংখ্যা ছিল ১০ হাজারের বেশি।
মাসিনু মারমার ক্রীড়াযাত্রা শুরু হয় ২০১৫ সালে জুডোর মাধ্যমে। এরপর ২০১৭ সালে যুক্ত হয় কুস্তি। দীর্ঘদিনের অনুশীলন ও পরিশ্রমে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন জাতীয় পর্যায়ের একজন সফল খেলোয়াড় হিসেবে। বর্তমানে বাংলাদেশ জুডো ফেডারেশন ও বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশনের হয়ে নিয়মিত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন তিনি।
জুডোতে মাসিনু ব্ল্যাক বেল্ট দ্বিতীয় ডানধারী। সম্প্রতি তৃতীয় ডানের পরীক্ষাও দিয়েছেন। এখন পর্যন্ত জুডোতে তার অর্জনের ঝুলিতে রয়েছে ২০টি পদক। এর মধ্যে ১১টি স্বর্ণ, ৬টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্জ। এসব পদকের ১৬টি জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা থেকে, দুটি জাপান দূতাবাসের আয়োজনে এবং একটি আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে অর্জিত। এ ছাড়া দক্ষিণ এশিয়ান গেমসে পঞ্চম স্থান অর্জনের কৃতিত্বও রয়েছে তার।
কুস্তিতেও পিছিয়ে নেই মাসিনু। জাতীয় পর্যায়ে এ পর্যন্ত ১৪টি স্বর্ণপদক জয় করেছেন তিনি। খেলোয়াড় হিসেবে সাফল্যের পাশাপাশি রেফারি হিসেবেও নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন। ২০২৩ সালের বাংলাদেশ যুব গেমসে জুডো রেফারির দায়িত্ব পালন করেন। ২০২৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় গেমসেও নারী জুডো রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি কোচিং বিষয়েও প্রশিক্ষণ নিয়েছেন তিনি।
ক্রীড়াঙ্গনের বাইরেও রয়েছে তার পেশাগত দায়িত্ব। বাংলাদেশ আনসারে সিপাহি পদে কর্মরত মাসিনু মারমা ২০২৫ সালের ফেব্রুয়ারিতে পেয়েছেন রাষ্ট্রপতি আনসার (সেবা) পদক।
পানছড়ির প্রত্যন্ত জনপদ থেকে শুরু করে আন্তর্জাতিক মঞ্চে সম্মাননা অর্জন,মাসিনু মারমার এই পথচলা তার দীর্ঘদিনের সাধনা, অধ্যবসায় ও ক্রীড়াসাফল্যের স্বীকৃতি। তার এই অর্জন দেশের ক্রীড়াঙ্গনে নতুন অনুপ্রেরণা হয়ে থাকবে।




















