রুহুল আমিন, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
“বীমা করার প্রধান শর্ত হলো আর্থিক স্বাবলম্বী ও শারীরিক সুস্থতা” ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি কিশোরগঞ্জ এরিয়ার তাড়াইল জোনের পুরুড়া সাংগঠনিক অফিসের শুভ উদ্বোধন উপলক্ষে কর্মী ও গ্রাহক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এমন মন্তব্য করেছেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ডেপুটি ভাইস প্রেসিডেন্ট (উ:) ও কিশোরগঞ্জ এরিয়া ইনচার্জ একেএম আসাদুল্লাহ খান।
শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১১টায় পুরুড়া বাজার চৌরাস্তা নুরুল ইসলাম কোম্পানি সুপার মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত নতুন অফিস কার্যালয়ে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কিশোরগঞ্জ এরিয়া ইনচার্জ একেএম আসাদুল্লাহ খান আরও বলেন, “অনেকেই মনে করেন টাকা-পয়সা কম হলে বা অসুস্থ হলে বীমা করতে হয়। ধারণাটি সম্পূর্ণ ভুল। বীমা করার জন্য আপনাকে সুস্থ থাকতে হবে এবং আপনার আয় করার সামর্থ্য থাকতে হবে।”
তিনি বলেন, “একজন মানুষ যখন শারীরিকভাবে শক্তিশালী ও আর্থিকভাবে স্বাবলম্বী থাকে, সেটাই বীমা করার উপযুক্ত সময়। কারণ বীমা কোম্পানি একজন সুস্থ ও কর্মক্ষম মানুষকেই বীমার আওতায় নেয়। আজ আপনি সুস্থ আছেন, কাল অসুস্থ হলে আপনি চাইলেও আর বীমা করতে পারবেন না। তাই ভবিষ্যতের নিরাপত্তার জন্য সুসময়েই বীমা করুন।”
সমাবেশে বক্তারা বলেন, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি দীর্ঘদিন ধরে গ্রাহকদের আস্থা ও বিশ্বাসের সাথে সেবা দিয়ে আসছে। নতুন এই অফিসের মাধ্যমে তালজাঙ্গা ও রাউতি ইউনিয়নের গ্রাহক সহ পার্শ্ববর্তী নান্দাইল উপজেলার গ্রাহকগণ আরও দ্রুত ও সহজে বীমা সেবা পাবেন।
পরে নতুন অফিসের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।এ সময় কোম্পানির অর্ধ শতাধিক মাঠকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াইল জোনের জোনাল ইনচার্জ সুলতান মো. নাসির উদ্দিন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল তাড়াইল উপজেলা শাখার আহ্বায়ক ও রাউতি ইউনিয়ন পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দিলোয়ারা খানম। সভাপতিত্ব করেন নান্দাইল ও পুরুড়া সাংগঠনিক অফিসের এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার আব্দুল হালিম। কর্মী ও গ্রাহক সমাবেশের সার্বিক দায়িত্বে নিয়োজিত ছিলেন, পুরুড়া সাংগঠনিক অফিসের দায়িত্বশীল ও বিএম মো. খোরশেদ আলী।




















