আলি হায়দার, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের কুলিয়ারচরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জুনায়েদ আহমেদ (২০) নামে এক তরুণ ফুটবলারের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে এম্বুলেন্সে তাঁর মৃত্যু হয়।
জুনায়েদ কুলিয়ারচর পৌরশহরের কামালিয়াকান্দি মহল্লার ফালু মিয়ার ছেলে। পেশায় তিনি ইলেক্ট্রিশিয়ান ছিলেন। কাজের পাশাপাশি ফুটবল ছিলো তাঁর নেশা। স্থানীয় ফুটবলে ভালো খেলোয়াড় হিসেবে পরিচিত জুনায়েদ ছিলেন বাজরা ব্রাদার্স ফুটবল একাদশের অধিনায়ক।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, তিন দিন ধরে জ্বরে ভুগছিলেন জুনায়েদ। একপর্যায়ে জ্বর কমে গেলেও বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ মাথা ঘোরার অনুভূতি হলে স্থানীয় এক চিকিৎসকের কাছে যান তিনি। ওই চিকিৎসকের পরামর্শে তাঁকে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর ডেঙ্গু শনাক্ত হয়।
পরে শারীরিক অবস্থার অবনতি হলে জুনায়েদকে উন্নত চিকিৎসার জন্য ভাগলপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। পরিবারের সদস্যরা ঢাকার উদ্দেশে রওনা হলেও পথেই তাঁর মৃত্যু হয়।
জুনায়েদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবার, স্বজন, বন্ধু, সহকর্মী ও সতীর্থদের মধ্যে শোক নেমে আসে। বিশেষ করে স্থানীয় ক্রীড়াঙ্গনে তৈরি হয়েছে গভীর শোকের আবহ।
কারণ, বৃহস্পতিবারই মাঠে নামার কথা ছিল জুনায়েদের।ডুমরাকান্দায় আয়োজিত একটি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বাজরা ব্রাদার্স ফুটবল একাদশের হয়ে খেলার কথা ছিল তাঁর। সতীর্থদের সঙ্গে সেই ম্যাচে মাঠ মাতানোর বদলে ডেঙ্গুর কাছে হার মেনে চিরবিদায় নিলেন দলের অধিনায়ক।





















