জুয়েল শেখ জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবি পৌর সভার সনাতন ধর্মাবলম্বী ১ হাজার ৮০০ পরিবারের মাঝে পূজাসামগ্রী বিতরণ করেছেন পৌর সভার মেয়র প্রার্থী ও জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন মন্ডল।
শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১১টায় পাঁচবিবি রেলস্টেশনের পূর্ব পাশে খাদ্যগুদামসংলগ্ন স্কুল মাঠে তাঁর ব্যক্তিগত উদ্যোগ ও অর্থায়নে এ পূজাসামগ্রী বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রত্যেক পরিবারের হাতে একটি শাড়ি, চিনি, নারিকেলসহ প্রায় ১ হাজার টাকা মূল্যের পূজাসামগ্রীর প্যাকেট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি সামছুল হোদা দুলাল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু পরমেশ্বর, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাবেক অধ্যাপক সুশীল দাস, সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র দাস,পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ সরকার বাপ্পী, দমদমা পৌর মহাশ্মশানের সভাপতি মনোরঞ্জন দাস রতন, বারোয়ারী মন্দিরের সাধারণ সম্পাদক গোকুল চন্দ্র, খালেদা তারেক মুক্তি পরিষদের সভাপতি খালেক চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দ।
বিতরণ কালে শামীম হোসেন মন্ডল বলেন,দীর্ঘ ১৭ বছর বিএনপি ক্ষমতার বাইরে থাকায় আপনাদের সঙ্গে আমাদের তেমন যোগাযোগ করার সুযোগ হয়নি। ৫ আগস্ট-পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত আপনাদের পাশে থেকে কাজ করে যাচ্ছি। পৌরসভার মসজিদ, মন্দির ও গির্জা সহ এমন কোনো প্রতিষ্ঠান নেই, যেখানে আমি আমার ব্যক্তিগত তহবিল থেকে সহযোগিতা করিনি।
আমারও একটি আশা আছে। আগামী পৌরসভা নির্বাচনে আপনাদের সেবা করার জন্য মেয়র পদে নির্বাচন করতে যাচ্ছি। আপনারা যদি আমার পাশে থাকেন এবং আমাকে সমর্থন করেন, তাহলে আগামীতে আরও ব্যাপকভাবে সহযোগিতা করতে পারব, ইনশাআল্লাহ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি হারুনুর রশিদ সজল।




















