ইয়াকুব সরকার, বিশেষ প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নে ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে পরিবেশবান্ধব পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাশিপুর ইউনিয়ন শাখা।
শুক্রবার ১০/১০/২০২৬ ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকা এবং কাশিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পাশের ঝোপঝাড়, আগাছা ও জঙ্গল পরিষ্কার করে এ কর্মসূচি পালন করা হয়। অভিযানের মূল উদ্দেশ্য ছিল এডিস মশার প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা এবং জনসচেতনতা বৃদ্ধি।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা মো. আব্দুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন কাশিপুর ইউনিয়ন শাখার সেক্রেটারি রফিকুল ইসলাম, স্থানীয় নেতৃবৃন্দ এবং ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীরা।
বক্তারা বলেন, ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়; এর পাশাপাশি সামাজিক সংগঠন ও সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। নিয়মিত বাড়ির আঙিনা, ঝোপঝাড় ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখলে মশার বিস্তার অনেকাংশে কমানো সম্ভব।
আয়োজকরা জানান, সুস্থ ও পরিচ্ছন্ন সমাজ গঠনের লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও পরিবেশবান্ধব কর্মসূচি ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।


























