মাসুদ রানা মনি রামগঞ্জ (লক্ষ্মীপুর):
লক্ষীপুরের রামগঞ্জ উপজেলার সোনাপুর চিতোষী সড়কের বেহালদশার কারণে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। অভিযোগ রয়েছে ঠিকাদারের গাফিলতির কারণে দীর্ঘদিন যাবৎ সংস্কার কাজ চলমান থাকায় এই দুর্ভোগের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গুরুত্বপূর্ণ এই সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারকাজের আওতায় থাকলেও কাজের গতি থমকে রয়েছে। সড়কের বিভিন্ন অংশে ভাঙাচোরা অবস্থা, খানাখন্দ ও চলাচলের অনুপযোগী পরিবেশ তৈরি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই সড়কের বিভিন্ন স্থানে পানি জমে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়েছে। ফলে যানবাহন চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।
এলাকাবাসীর অভিযোগ, সড়কটির সংস্কারকাজ দ্রুত শেষ করার আশ্বাস দেওয়া হলেও বাস্তবে দীর্ঘদিন ধরে কাজ বন্ধ রয়েছে। এতে প্রতিদিনের যাতায়াতে সময় ও ভোগান্তি দুটোই বাড়ছে। বিশেষ করে জরুরী রোগী বহনকারী যানবাহন, শিক্ষার্থী ও কর্মজীবী মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
স্থানীয় বাসিন্দা আরিফুর রহমান, রফিকুল ইসলাম, নূরুন নবী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘দীর্ঘদিন ধরে সড়কটির এই অবস্থা। প্রতিদিন আমাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বারবার দাবি জানিয়েও স্থায়ী সমাধান মিলছে না।’
আরেক বাসিন্দা শফিকুল ইসলাম বলেন, ‘সড়কের কাজ বন্ধ থাকায় ব্যবসা-বাণিজ্যেও চরম প্রভাব পড়ছে। সংস্কার কাজ দ্রুত শেষ করে সড়কটি চলাচলের উপযোগী করা জরুরি।’
এলাকাবাসীর দাবী দ্রুত সড়কটির সংস্কারকাজ শেষ করে নির্ধারিত সময়ের মধ্যে তা সম্পন্ন করা হোক। এ ব্যাপারে ভুক্তভোগী এলাকাবাসী জনদুর্ভোগ নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবী জানিয়েছেন।





















