মাসুদ রানা মনি রামগঞ্জ (লক্ষ্মীপুর):
লক্ষ্মীপুরের রামগঞ্জে রাতের আঁধারে একটি রহস্যময় নতুন কবর কে নিয়ে শুরু হয়েছে বিভিন্ন জল্পনা কল্পনা। স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। জানা গেছে উপজেলার ইছাপুর ইউনিয়নের আল আমিন বাজার মসজিদ ও মাদ্রাসা সংলগ্ন কবরস্থানে রাতের আঁধারে নতুন একটি কবর দেওয়াকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও নানা প্রশ্ন দেখা দিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে কবরস্থানে গিয়ে তারা একটি নতুন কবর দেখতে পান। কবরটি আগে থেকে থাকা একটি পাকা কবরের পাশে এমনভাবে দেওয়া হয়েছে, যা দূর থেকে সহজে নজরে পড়ে না। এ বিষয়ে কেউ কিছু জানেন না তাই স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়।
স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও মসজিদের ইমামের ভাষ্য, এলাকায় নতুন কোনো কবর দেওয়া হলে সাধারণত বিষয়টি সবাই জানতে পারেন। কিন্তু এ কবরের বিষয়ে তারা কোন কিছুই জানেন না।
এদিকে কে মারা গেছে? কবরস্থানে কাকে দাফন করা হয়েছে এবং বিষয়টি গোপনে কেন করা হলো- এ নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।

পুলিশ জানিয়েছে, তদন্ত ও প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে বিষয়টি স্পষ্ট হবে।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করা হচ্ছে।




















