আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে দিনাজপুরে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দিনাজপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের আয়োজনে জেলা পুলিশের সদস্যদের নিয়ে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। দিনাজপুর জেলার পুলিশ সুপার মো. জেদান আল মুসা, পিপিএম প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে পুলিশের পেশাগত দক্ষতা, সক্ষমতা ও প্রস্তুতি বাড়ানো জরুরি। নির্বাচনি দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে কাজ করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

তিনি প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা নির্বাচনি দায়িত্ব পালনের ক্ষেত্রে যথাযথভাবে কাজে লাগানোর জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) আবুল কাশেম মো. বাকীবিল্লাহ।
কর্মশালায় জেলা পুলিশের সদস্যরা অংশ নেন। দুই দিনব্যাপী এ প্রশিক্ষণে নির্বাচনি দায়িত্ব পালনের বিভিন্ন দিক, পেশাগত দক্ষতা, দায়িত্বশীলতা ও সমন্বিতভাবে কাজ করার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।




















