দেশে যেমন অপশক্তি আছে, শুভ শক্তিও আছে, দেশের বাইরেও অপশক্তি-শুভ শক্তি আছে। তবে দেশের বাইরেও অপকর্ম করে পার পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চোধুরী। রোববার সকালে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা কমিটির সভা ও দপ্তর প্রধানদের সাথে মতবিনিময় শেষে সাংবাদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
অভিনেত্রী আজমেরী হক বাঁধন প্রসঙ্গে সংস্কৃতি মন্ত্রী বলেন, এ ঘটনায় সরকারের তরফ থেকে কঠিন পদক্ষেপ নেয়া হয়েছে। বিষয়টি নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংসদে যুগান্তকারী বক্তব্য রেখেছেন। আমি নিজেও বাঁধনের সাথে কথা বলেছি। তার সাথে ঘটে যাওয়া ঘটনার ন্যায় বিচার হবে। দেশে এবং দেশের বাইরে শিল্পীদের সাথে হেনস্তার ঘটনায় সরকার কখনো দায় এড়াতে চায়নি।
এর আগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভা ও দপ্তর প্রধানদের সাথে মতবিনিময় সভায় বিভিন্ন অপরাধ নির্মূলে আলোকপাত করেন সংস্কৃতি মন্ত্রী। এছাড়া শিক্ষা, স্বাস্থ্য, কৃষিখাতে বিভিন্ন অনিয়ম রুখতে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
সভায় আরও অংশ নেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য নেওয়াজ হালিমা আরলী, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক লুৎফুন নাহার, পুলিশ সুপার রুহুল কবীর খান, চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান, জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামানসহ বিভিন্ন দপ্তর ও বিএনপির নেতৃবৃন্দ।





















