বগুড়া প্রতিনিধি:- বগুড়া প্রেসক্লাবে সোমবার এক সংবাদ সম্মেলনে মো: আনোয়ার হোসেন অভিযোগ করে বলেন, গত ১৮ জুলাই তারিখ সকালে তার ৮০ বছর বয়সী বৃদ্ধ বাবা মো: চাঁন মিয়াকে তার নিজের বাড়ির সামনে সন্ত্রাসী নাজমুল হুদা (৫৪) ও তার সহযোগীরা মোটরসাইকেলযোগে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বাড়ি লিখে দেওয়ার দাবি জানায়।
বাড়ি দিতে অস্বীকৃতি জানালে তারা ক্ষিপ্ত হয়ে আনোয়ার হোসেনের বাবাকে মারধর করে মাটিতে ফেলে দেয় এবং নাজমুল হুদা ও তার সহযোগীরা বুকের ওপর লাথি মেরে ও নাকে-মুখে আঘাত করে রক্তাক্ত জখম করে। পরবর্তীতে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা মোটরসাইকেল ফেলে পালিয়ে যায় এবং এই মারপিটের ঘটনায় ১৯ জুলাই ২০২৩ তারিখে বগুড়া সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, সন্ত্রাসী নাজমুল হুদা একজন মাদকাসক্ত ও হত্যা মামলার জেলখাটা আসামি এবং ইতিপূর্বে সন্ত্রাসী নাজমুল হুদা তার শ্বশুরকে ২ বার লাঞ্ছিত করেছিল। বর্তমানে আহত বৃদ্ধ বাবা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং তার অবস্থা অত্যন্ত গুরুতর ও আশঙ্কাজনক। এমতাবস্থায়, আনোয়ার হোসেন নিজের এবং তার পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আকুল আবেদন জানিয়েছেন।









