যুবসমাজের নেতৃত্ব বিকাশ, সামাজিক দায়বদ্ধতা এবং কমিউনিটির উন্নয়নে তরুণদের সক্রিয় অংশগ্রহণের আহ্বানের মধ্য দিয়ে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে ‘ইয়ুথ ফরওয়ার্ড’ সম্মেলন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সারভাইভার্স পাথ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে তরুণদের ব্যক্তিগত দক্ষতা অর্জনের পাশাপাশি সমাজের ইতিবাচক পরিবর্তনে কার্যকর ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেপালের এমবার্ক কলেজের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আশীষ ঠাকুর এবং ওয়ান্ট নেক্সট-জেনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুস সাবুর।
আলোচনায় আশীষ ঠাকুর বলেন, তরুণদের নেতৃত্ব বিকাশে প্রচলিত শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা, নতুন ধারণা নিয়ে কাজ করার মানসিকতা এবং অর্জিত দক্ষতার সামাজিক প্রয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষা, অভিজ্ঞতা ও সামাজিক সম্পৃক্ততার সমন্বয়ের মাধ্যমেই তরুণদের মধ্যে দায়িত্বশীল নেতৃত্বের গুণাবলি গড়ে উঠতে পারে।

অন্যদিকে, আবদুস সাবুর সামাজিক উদ্যোগে তরুণদের সম্পৃক্ততার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, কমিউনিটির সমস্যা চিহ্নিত করা, মানুষের প্রয়োজন অনুধাবন এবং সম্মিলিত প্রচেষ্টায় সমাধানের পথ তৈরি করতে তরুণদের এগিয়ে আসতে হবে। দায়িত্বশীল নাগরিক হিসেবে সমাজের প্রতি প্রত্যেক তরুণের নিজস্ব ভূমিকা রয়েছে।
সম্মেলনে সারভাইভার্স পাথ ফাউন্ডেশনের চেয়ারম্যান মুনাজিয়া সিগ্ধা মুন যুব উন্নয়ন ও সামাজিক দায়বদ্ধতার সম্পর্ক তুলে ধরেন। তিনি বলেন, তরুণদের উন্নয়ন কেবল ব্যক্তিগত সাফল্য অর্জনের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়। সমাজের পিছিয়ে থাকা জনগোষ্ঠীর প্রয়োজন ও সমস্যার প্রতি সংবেদনশীল হয়ে মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখাই নেতৃত্বের অন্যতম গুরুত্বপূর্ণ দিক।
বক্তারা আরও বলেন, সামাজিক সমস্যা সম্পর্কে ধারণা অর্জন, বিভিন্ন জনগোষ্ঠীর অভিজ্ঞতা থেকে শেখা এবং দলগতভাবে কাজ করার মাধ্যমে তরুণদের যোগাযোগ, সমস্যা সমাধান ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বাড়ে। ব্যক্তিগত উন্নয়নের পাশাপাশি বৃহত্তর সামাজিক অগ্রগতিতে তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করাও জরুরি।
এ সময় সারভাইভার্স পাথ ফাউন্ডেশনের প্রস্তাবিত কমিউনিটিভিত্তিক স্বাস্থ্য ও সুস্থতা উদ্যোগ ‘অঙ্গনা’র ধারণা তুলে ধরেন সংগঠনের সদস্য মুনিয়া। রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকার আদিবাসী কিশোরী, তরুণী ও নারীদের স্বাস্থ্যবিষয়ক সচেতনতা বৃদ্ধি, প্রয়োজনীয় তথ্যপ্রাপ্তি, স্থানীয় পর্যায়ে সহায়তা এবং স্বাস্থ্যসেবার সঙ্গে সংযোগ তৈরির লক্ষ্য নিয়ে উদ্যোগটি পরিকল্পনা করা হয়েছে।
আয়োজকদের ভাষ্য, স্থানীয় জনগোষ্ঠীর বাস্তব চাহিদাকে প্রাধান্য দিয়ে ‘অঙ্গনা’র মতো উদ্যোগ বাস্তবায়ন করা গেলে স্বাস্থ্যসেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়নেও ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।
সম্মেলনের শেষপর্বে পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও দায়িত্বশীল নেতৃত্বের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়। আয়োজকেরা মনে করেন, তরুণদের সম্মিলিত উদ্যোগ ও সামাজিক দায়বদ্ধতাই একটি সচেতন, মানবিক ও উন্নত সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।



























