রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাজধানীর অন্তত ১২টি স্থানে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। একই সময়ে ঢাকা, বরগুনা, সাভার ও গাজীপুরের কালিয়াকৈরে আটটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কয়েকজনকে আটক ও গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এদিকে, এসব নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, পতিত শক্তি দেশে অস্থিরতা সৃষ্টির জন্য মাঝেমধ্যে বাস ও বিভিন্ন স্থাপনায় হামলা চালাচ্ছে। পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে এবং এসব কর্মকাণ্ড কঠোরভাবে দমন করবে।
রাজধানীর ১২ স্থানে ককটেল বিস্ফোরণ
পুলিশের তথ্য অনুযায়ী, গতকাল সোমবার সকাল সোয়া ৬টার দিকে রাজধানীর বনশ্রীতে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে শ্রাবণ সরদার ও রবিন নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন খিলগাঁও থানার ওসি সাইফুল ইসলাম।
এর আগে মহাখালীর আমতলীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বনানী থানার ওসি মো. সালাহউদ্দীন জানান, মোটরসাইকেলে আসা দুই যুবক উড়ালসড়ক থেকে ককটেল নিক্ষেপ করে। রাত ১০টার দিকে মহাখালীর তিতুমীর কলেজ এলাকাতেও বিস্ফোরণের ঘটনা ঘটে।
সন্ধ্যায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ফটকের সামনে ককটেল বিস্ফোরণ ঘটে। এ সময় মোটরসাইকেলসহ মো. ফয়সাল ও সুকুমার হালদার নামে দুজনকে আটক করা হয়।
সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে জাবির সালেহীন দিপু ও আব্দুল্লাহ আল জোবায়ের নামে দুজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন ছাত্রদলের নেতাকর্মীরা।
এ ছাড়া মিরপুরে সরকারি বাঙলা কলেজের প্রধান ফটকে ককটেল বিস্ফোরণের পর পাশের কয়েকটি দোকানে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।
রাতে রাজধানীর আদাবরের টোকিও স্কয়ার, মিরপুর ১৩ নম্বরে বিআরটিএ কার্যালয়, টেকনিক্যাল মোড়, বনানী কবরস্থান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও যাত্রাবাড়ীতেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর আগে রোববার রাতে তেজগাঁও শিল্পাঞ্চলের সাউথইস্ট ইউনিভার্সিটি এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
বনশ্রী ও সিএমএম আদালতের সামনে বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ফার্মগেট ও মিরপুরে বাসে অগ্নিসংযোগ
রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে গতকাল সন্ধ্যায় একটি বাসে আগুন দেওয়া হয়। এ ঘটনায় স্টেশনে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতির কারণে প্রায় আধা ঘণ্টা বন্ধ রাখা হয় ফার্মগেট মেট্রোরেল স্টেশন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অগ্নিসংযোগে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
এদিকে সন্ধ্যা পৌনে ৭টার দিকে পোস্তগোলা সেতুর ওপর একটি রিকশাভ্যানে আগুন ধরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
রাত সোয়া ৯টার দিকে মিরপুর ১১ নম্বরে মেট্রোরেল লাইনের নিচে দাঁড়িয়ে থাকা বসুমতি পরিবহনের একটি বাসেও আগুন দেয় দুর্বৃত্তরা।
অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্টে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পক্ষ থেকে আজ মঙ্গলবার দেশব্যাপী ‘সর্বাত্মক লকডাউন’ কর্মসূচি ঘোষণার তথ্য দেখা গেছে।
বরগুনা, সাভার ও কালিয়াকৈরেও বাসে আগুন
রাজধানীর বাইরে বরগুনা, সাভার ও গাজীপুরের কালিয়াকৈরেও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বরগুনা পুলিশ লাইন্সের সামনের সড়কে পার্ক করে রাখা বিআরটিসির একটি বাসে রোববার রাতে আগুন দেয় দুর্বৃত্তরা। সদর থানার ওসি আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের গেণ্ডা ও বলিয়ারপুর এলাকায় পার্ক করে রাখা দুটি বাসে রোববার রাতে আগুন দেওয়া হয়।
এ ছাড়া গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড়ে সোমবার দাঁড়িয়ে থাকা পরিত্যক্ত দুটি বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।
চট্টগ্রাম, মানিকগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণ
চট্টগ্রাম নগরের কালুরঘাট এলাকায় রোববার রাতে একটি বাসে আগুন দেওয়ার পাশাপাশি নিউমার্কেট এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। মহানগর পুলিশের সহকারী কমিশনার (গণসংযোগ) আমিনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নিমতলা মোড়ে রোববার রাতে ককটেল বিস্ফোরিত হয়। ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে পুলিশ। সদর মডেল থানার ওসি শাহীন আকন্দ এ তথ্য নিশ্চিত করেছেন।
অন্যদিকে, গতকাল রাতে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দুটি এবং বাসস্ট্যান্ড এলাকায় আরও দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সদর থানার ওসি মো. মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
বিভিন্ন ঘটনায় গ্রেপ্তার ১৪
ঢাকা মহানগর পুলিশের তথ্য অনুযায়ী, রোববার রাত পৌনে ২টার দিকে রাজধানীর রূপনগর থানার সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় আশরাফুল নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ।
এ ছাড়া দারুস সালাম এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্য রাজু আহমেদকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গত ৫ নভেম্বর ক্যান্টনমেন্ট থানার গলফ ক্লাবের সামনে পুলিশকে লক্ষ্য করে ককটেল হামলার ঘটনায় আরও ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে সংশ্লিষ্ট বিভিন্ন ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ জনে।



























