‘বিএনপি ক্ষমতায় আসা মানে ঋণ খেলাপিতে সর্বোচ্চ হওয়া’—ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার এমন মন্তব্যকে কেন্দ্র করে জাতীয় সংসদে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সংসদে বক্তব্য দেওয়ার সময় রুমিন ফারহানার মন্তব্যের প্রতিবাদে সরকারদলীয় সদস্যদের একাংশ হইচই শুরু করলে সংসদে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় ডেপুটি স্পিকার কায়সার কামাল সংসদ সদস্যদের শান্ত থাকার আহ্বান জানান।
বক্তব্যে রুমিন ফারহানা বলেন, ‘বিএনপি ক্ষমতায় আসবে আর দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে না, সেটাও হওয়া সম্ভব না। বিএনপি ক্ষমতায় আসবে আর বাংলাদেশ প্রথমবারের মতো ঋণ খেলাপিতে সর্বোচ্চ স্থান অর্জন করবে না, সেটাও হতে পারে না। সুতরাং বিএনপি ক্ষমতায় আসা মানে ঋণ খেলাপিতে সর্বোচ্চ হওয়া।’
সংসদে সরকারদলীয় সদস্যদের প্রতিক্রিয়ার সমালোচনা করে তিনি বলেন, ‘এত অসহিষ্ণু সংসদ, মনে হয় যেন একবারে আওয়ামী লীগের আমলে ফিরে গেছি আমরা। মজা মন্দ না। আওয়ামী লীগকে যখন বলতাম তখন তারাও হট্টগোল করত। এখন বিএনপি একই ধরনের আচরণ করছে। আরও খারাপ আচরণ।’
সংসদ সদস্যদের ঋণ খেলাপি হওয়ার প্রসঙ্গ টেনে রুমিন ফারহানা দাবি করেন, ‘এই সংসদের বেশিরভাগ সংসদ সদস্য ঋণ খেলাপি হিসেবে পরিচিত।’

নির্বাচনের আগে ঋণ খেলাপির তালিকা থেকে নাম বাদ দেওয়ার প্রবণতার সমালোচনা করে তিনি বলেন, নির্বাচনের আগে ঋণ খেলাপির তালিকা থেকে নাম কাটানোর জন্য উচ্চ আদালতে যাওয়ার বিষয়টি দেশে পুরোনো সংস্কৃতিতে পরিণত হয়েছে। নির্বাচন সামনে রেখে দ্রুত ঋণ খেলাপির তালিকা থেকে নাম বাদ দেওয়ার ঘটনাও দেখা যায় বলে মন্তব্য করেন তিনি।
রুমিন ফারহানার বক্তব্যের একপর্যায়ে সরকারদলীয় সদস্যদের হইচই ও পাল্টাপাল্টি প্রতিক্রিয়ায় সংসদে কিছু সময়ের জন্য উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে ডেপুটি স্পিকারের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।



























