ফিলিপাইনের পশ্চিমাঞ্চলীয় পালাওয়ান দ্বীপের উপকূলে একটি যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় এখনো ৮৭ জনের সন্ধান পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ফিলিপাইন কোস্ট গার্ড (পিসিজি) এ তথ্য জানিয়েছে।
পিসিজি জানায়, বুধবার রাতে পালাওয়ানের কোরন এলাকার জলসীমায় এমভি জুন অ্যাস্টার ফেরিতে আগুন লাগে। অগ্নিকাণ্ডের পর এখন পর্যন্ত ৪৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
কোস্ট গার্ডের প্রকাশিত ভিডিওতে ফেরিটির বিভিন্ন অংশে আগুন জ্বলতে দেখা যায়। পরে উদ্ধারকারীদের নিহতদের মরদেহ বডি ব্যাগে করে সরিয়ে নিতে দেখা গেছে।
কোস্ট গার্ডের মুখপাত্র কমোডর নোয়েমি কায়াবিয়াব ডিজেডএক্সএল রেডিওকে জানান, ফেরিটির যাত্রী তালিকা অনুযায়ী এতে ১১৭ জন যাত্রী ও ১৭ জন ক্রু সদস্য ছিলেন। উদ্ধার ও নিহতের সংখ্যা বিবেচনায় বর্তমানে ৮৭ জনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
তবে উদ্ধার অভিযান এখনো চলমান রয়েছে। ফলে হতাহত ও নিখোঁজের সংখ্যা আরও পরিবর্তিত হতে পারে বলে জানিয়েছেন কায়াবিয়াব।
তিনি জানান, ফেরিটি ফিলিপাইনের রাজধানী ম্যানিলার বাসেকো এলাকা থেকে ছেড়ে পালাওয়ানের কোরনের উদ্দেশে যাচ্ছিল।
অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সূত্র: সিএনএন



























