একরামুল হক লাবু, নীলফামারী
নীলফামারীর সৈয়দপুরে উপজেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের নিয়ে “Upazila-Level Orientation on Adolescent Nutrition for Head Teachers” শীর্ষক দিনব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সৈয়দপুরে Nutrition International-এর সহযোগিতায় এবং Secondary Section Office, Nilphamari-এর উদ্যোগে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা শিক্ষা কর্মকর্তা মো. হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম প্রামাণিক। এছাড়াও সৈয়দপুর উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।
ওরিয়েন্টেশনে কিশোর-কিশোরীদের সুষম ও পুষ্টিকর খাদ্য গ্রহণ, পুষ্টি সচেতনতা বৃদ্ধি, কৈশোরকালীন পুষ্টির গুরুত্ব এবং শিক্ষাপ্রতিষ্ঠানে পুষ্টিবিষয়ক সচেতনতা কার্যক্রম আরও জোরদার করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
এসময় বক্তারা বলেন, কৈশোরকাল মানুষের শারীরিক ও মানসিক বিকাশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়। এ সময় যথাযথ পুষ্টি নিশ্চিত করা গেলে শিক্ষার্থীদের সুস্থ শারীরিক ও মানসিক বিকাশ, মনোযোগ এবং শিক্ষাজীবনে ইতিবাচক প্রভাব পড়ে। তাই কিশোর-কিশোরীদের পুষ্টি নিশ্চিত করতে শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি পরিবার ও সমাজকেও সচেতন ও কার্যকর ভূমিকা পালন করতে হবে।
ওরিয়েন্টেশনে অংশগ্রহণকারী প্রধান শিক্ষকদের কৈশোরকালীন পুষ্টি, পুষ্টি সচেতনতা এবং শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
























