শেখ আশিকুন্নবী সজীব, ফেনী জেলা প্রতিনিধি:
ফেনীর দাগনভূঞায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় ককটেল বিস্ফোরণ, গুলির শব্দ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যার দিকে দাগনভূঞা পৌরসভার আলাইয়ারপুর গ্রামে পরিবেশ মন্ত্রীর বাড়ির পাশে এ সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষের সময় তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয় এবং আরও ১০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এছাড়াও সেই সময় পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর বাড়িতে হামলার চেষ্টার অভিযোগ উঠেছে।
আহত ব্যক্তিদের মধ্যে দুজনকে মুমূর্ষু অবস্থায় চট্টগ্রামে ও চারজনকে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। আহত বাসুর বাঁ হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
আহতদের মধ্যে রয়েছেন- জুয়েল (৩৬), জহিরুল হক রুবেল (৩০), আমজাদ হোসেন টিপু (৩৫), মোশাররফ হোসেন ফয়সাল (৩৮), মোহাম্মদ শামীম (৪০), মহিবুল ইসলাম রাজু (৩৫), মোহাম্মদ তানভীর (২০), হৃদয় (২৫), রুবেল (৩০), বাশার (৩২), সোহরাব হৃদয় (২৩), ইয়াকুব আলী (৩১) ও বাসু (২১)।
সংঘর্ষের পর থেকে মোহাম্মদ ছোটন নামের যুবদলের এক কর্মী নিখোঁজ রয়েছেন বলে দাবি করেছেন তার রাজনৈতিক সহযোদ্ধারা। তাদের অভিযোগ, আহত শিবলু ও জুয়েলকে আটক করে রাজু ও জসিম জোরপূর্বক মন্ত্রীর বাড়িতে হামলার কথা স্বীকার করানোর চেষ্টা করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার মাগরিবের নামাজের সময় হঠাৎ ককটেল বিস্ফোরণ ও চিৎকার-চেঁচামেচি শুরু হয়। এ সময় শতাধিক মানুষকে ছোটাছুটি করতে দেখা যায়। সংঘর্ষের সময় দেশি অস্ত্রের পাশাপাশি ভারী অস্ত্র প্রদর্শনের ঘটনাও ঘটেছে বলে স্থানীয় লোকজন জানান।
আহতদের মধ্যে কয়েকজনের অভিযোগ, প্রায় ৩০টি মোটরসাইকেলে করে ফেনী জেলা ছাত্রদলের বহিষ্কৃত সহ-সভাপতি জামশেদুর রহমান ফটিকের অর্ধশতাধিক অনুসারী পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের আমুভূঞার হাটে যুবদলের একটি বৈঠকে যাচ্ছিলেন। পথে আলাইয়ারপুর গ্রামের পরিবেশমন্ত্রীর বাড়ির উত্তর পাশে সূর্যের হাসি ক্লিনিক মোড়ে পৌঁছালে চারদিক থেকে তাদের ওপর হামলা করা হয়।
তাদের অভিযোগ, শ্রমিক দলের আহবায়ক জসিম উদ্দিনের নেতৃত্বে রাজু, হৃদয়সহ ৫০ থেকে ৬০ জন তাদের মারধর করেন। এ সময় ধারালো অস্ত্র দিয়ে কয়েকজনকে কুপিয়ে আহত করা হয়। কয়েকটি ফাঁকা গুলি ছোড়া ও শতাধিক ককটেল বিস্ফোরণের অভিযোগও করেন তারা। তাদের তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয় এবং আরও ১০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
তবে হামলার অভিযোগ অস্বীকার করে শ্রমিক দলের আহবায়ক জসিম উদ্দিন দাবি করেন, অস্ত্রে সজ্জিত অর্ধশতাধিক লোক পরিবেশমন্ত্রীর বাড়িতে হামলার চেষ্টা করলে এলাকাবাসী তাদের প্রতিহত করেন। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে দুই পক্ষের লোকজন আহত হন। এছাড়াও ককটেল বিস্ফোরণের জন্য ফটিকের অনুসারীদের দায়ী করেন তিনি।
জামশেদুর রহমান ফটিক বলেন, তার অনুসারীরা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে দলীয় কর্মসূচিতে অংশ নিতে যাচ্ছিলেন। পথে বিনা উসকানিতে জসিমের নেতৃত্বে তাদের ওপর হামলা করা হয়েছে।
তিনি দাবি করেন, সংঘর্ষের স্থান থেকে পরিবেশমন্ত্রীর বাড়ি অনেক দূরে। সেখানে হামলার কোনো কারণ ছিল না।
পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর ছোট ভাই ও দাগনভূঞা উপজেলা বিএনপির আহবায়ক আকবর হোসেন বলেন, তার বাড়িতে হামলার চেষ্টা হলে স্থানীয় লোকজন তা প্রতিহত করেন। এ সময় এলাকাবাসীর সঙ্গে সংঘর্ষ হয়।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ফেরদৌসি বেগম বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনা তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে, গত বৃহস্পতিবার রাতে গজারিয়া রোডে মোহাম্মদ ইসমাইল হোসেন নামের শ্রমিক দলের এক নেতাকে মারধরের ঘটনা ঘটে।
ফেনীর দাগনভূঞায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত অন্তত ২০, ৩টি মোটরসাইকেলে আগুন
-
সিটি পোস্ট সারাদেশ - আপডেট সময় : ১০:৫৮:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
- 1
ট্যাগ
জনপ্রিয়



















