শেখ আশিকুন্নবী সজীব, ফেনী জেলা প্রতিনিধি:
ফেনী ইউনিভার্সিটির উদ্যোগে তিন দিনব্যাপী ‘স্প্রিং-২০২৭ এডমিশন ফেয়ার’ শুরু হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকালে শহরের ট্রাংক রোডস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ফেয়ারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফেনী ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) সম্মানিত স্পেশাল অ্যাডভাইজার আবদুস সাত্তার।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবদুস সাত্তার বলেন, ফেনী ও পার্শ্ববর্তী অঞ্চলের শিক্ষার্থীদের দোরগোড়ায় মানসম্মত উচ্চশিক্ষা পৌঁছে দিতে ফেনী ইউনিভার্সিটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আধুনিক ও কর্মমুখী শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য ও ট্রেজারার ড: মাসুদুল হক চৌধুরী। তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে ফেনী ইউনিভার্সিটি যুগোপযোগী পাঠ্যক্রম ও গবেষণাবান্ধব পরিবেশ নিশ্চিত করছে। ফেয়ারে শিক্ষার্থীরা সরাসরি বিভাগীয় শিক্ষকদের সাথে কথা বলে নিজেদের পছন্দের বিষয় বেছে নেওয়ার সুযোগ পাবেন।
এর আগে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ইউনিভার্সিটির ডেপুটি পরীক্ষা নিয়ন্ত্রক ও স্প্রিং-২০২৭ এডমিশন প্রমোশনাল অ্যাক্টিভিটিজ কমিটির আহবায়ক মো: মাহবুবুর রহমান (টিপু)। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ও আর্টস, সোশ্যাল সায়েন্স অ্যান্ড ল অনুষদের ডিন ও সহযোগী অধ্যাপক ড: হাসান আহমেদ এবং সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন (ইনচার্জ) ও সহযোগী অধ্যাপক সোহরাব হোসেন।
এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষকমণ্ডলী, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এই এডমিশন ফেয়ার আগামী ২৫ নভেম্বর ২০২৬ পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। ফেয়ার চলাকালীন শিক্ষার্থীদের জন্য থাকছে স্পট অ্যাডমিশন সুবিধা, ভর্তি ফির উপর ৫০% বিশেষ ছাড়, টিউশন ফির উপর এসএসসি ও এইচএসসি ফলাফলের ভিত্তিতে ১০০% পর্যন্ত স্কলারশিপ এবং সকল আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে টিউশন ফির উপর ফ্ল্যাট ২০% ওয়েভার।
বর্তমানে আন্ডারগ্র্যাজুয়েট পর্যায়ে ইইই, সিএসই, সিভিল ইঞ্জিনিয়ারিং, বিবিএ, এলএলবি ও বিএ (অনার্স) ইন ইংলিশ এবং পোস্টগ্র্যাজুয়েট পর্যায়ে এমবিএ, আরএমবিএ, ইএমবিএ, এমএ ইন ইংলিশ, এমএসসি ইন ম্যাথমেটিক্স ও পিজিডি ইন এলআইএস (LIS) প্রোগ্রামে ভর্তি চলছে। এছাড়া ফেয়ারে সরাসরি বিভাগীয় শিক্ষকদের কাছ থেকে ক্যারিয়ার কাউন্সেলিংয়ের সুযোগও পাচ্ছেন শিক্ষার্থীরা।





















