পটুয়াখালী প্রতিনিধি:
গঙ্গাবরণ ও মঙ্গলঘট পূর্ণ করার মধ্য দিয়ে পটুয়াখালীর কুয়াকাটায় শুরু হয়েছে প্রায় আড়াইশ বছরের ঐতিহ্যবাহী রাস পূজার আনুষ্ঠানিকতা। ধর্মীয় ভাবগাম্ভীর্য, পূজা-অর্চনা, কীর্তন ও পুণ্যস্নানকে কেন্দ্র করে সৈকত ও মন্দির প্রাঙ্গণে সমবেত হয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো পুণ্যার্থী, দর্শনার্থী ও পর্যটক।

সোমবার (১৩ নভেম্বর) বিকেলে কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্ট সংলগ্ন সমুদ্রে তেল, সিঁদুর, ফুল, তুলসীপাতা, বেলপাতা ও ধূপ-দীপ দিয়ে পূজার্চনার মধ্য দিয়ে মঙ্গলঘট পূর্ণ করা হয়। পরে সেই মঙ্গলঘট সৈকতসংলগ্ন কুয়াকাটা শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির ও তীর্থযাত্রী সেবাশ্রমে স্থাপন করা হয়। এ সময় শঙ্খধ্বনি, উলুধ্বনি ও ঢাক-ঢোলের বাদ্যে মুখর হয়ে ওঠে পুরো সৈকত এলাকা।
রাস উৎসব উপলক্ষে রাতভর চলে ধর্মীয় নৃত্য, শ্রীমদ্ভাগবত পাঠ, রাসলীলা, কীর্তন ও পূজার্চনা। পরদিন ভোরে বঙ্গোপসাগরে গঙ্গাস্নান বা পুণ্যস্নানের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। রাধাকৃষ্ণ মন্দিরে ১৮টি যুগল মূর্তি স্থাপনের মধ্য দিয়ে শুরু হয় মূল ধর্মীয় আয়োজন। পাপমোচন ও মঙ্গলকামনায় সমুদ্রের জলরাশিতে পুণ্যস্নান করেন দূর-দূরান্ত থেকে আসা সনাতন ধর্মাবলম্বীরা। স্নান শেষে মন্দিরে প্রদীপ প্রজ্বালন ও প্রার্থনায় অংশ নেন ভক্তরা।
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, দ্বাপর যুগে রাধা-কৃষ্ণের প্রেমলীলাকে কেন্দ্র করেই রাস উৎসবের প্রচলন। সেই বিশ্বাস ও ঐতিহ্য ধারণ করে প্রায় আড়াইশ বছর ধরে কুয়াকাটায় উদযাপিত হয়ে আসছে এই ধর্মীয় উৎসব। পূর্ণিমাকে কেন্দ্র করে প্রতিবছরই এখানে বসে পুণ্যার্থী ও পর্যটকদের মিলনমেলা।
ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি জমে উঠেছে ঐতিহ্যবাহী রাসমেলা। মেলার বিভিন্ন স্টলে বাঁশ ও বেতের তৈরি হস্তশিল্প, মৃৎশিল্প, কাঠের খেলনা, প্রসাধনী, মিষ্টান্নসহ নানা ধরনের পণ্য ও খাবার নিয়ে বসেছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। উৎসবকে ঘিরে স্থানীয় কুটিরশিল্প ও পর্যটন খাতেও তৈরি হয়েছে বাড়তি প্রাণচাঞ্চল্য।
দূর-দূরান্ত থেকে পরিবার-পরিজন নিয়ে আসা পুণ্যার্থী ও পর্যটকদের পদচারণায় মুখর কুয়াকাটা। একদিকে সাগরের ঢেউ, সূর্যোদয় ও সূর্যাস্তের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ, অন্যদিকে ঐতিহ্যবাহী রাসমেলায় অংশগ্রহণ—সব মিলিয়ে পর্যটনকেন্দ্রটিতে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।
এদিকে, রাস উৎসব ও পুণ্যস্নান নির্বিঘ্ন করতে জেলা ও উপজেলা প্রশাসন, ট্যুরিস্ট পুলিশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তাব্যবস্থা। মন্দির প্রাঙ্গণ, সৈকত ও গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন, পুলিশের টহল এবং স্বেচ্ছাসেবক দল মোতায়েন করা হয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সার্বক্ষণিক নজরদারি রাখা হচ্ছে।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উৎসব সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। ধর্মীয় আচার-অনুষ্ঠান ও রাসমেলাকে কেন্দ্র করে আগামী কয়েক দিন কুয়াকাটায় পুণ্যার্থী ও পর্যটকদের সমাগম অব্যাহত থাকবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।





















