ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
কুমিল্লার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার ৬৫৪টি ভারতীয় অবৈধ মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করেছে ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। জব্দ করা এসব ডিসপ্লের আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৫২ লাখ ৩২ হাজার টাকা।
সোমবার (২৩ নভেম্বর) কুমিল্লার আদর্শ সদর উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব ডিসপ্লে জব্দ করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ৫ হাজার ৬৫৪টি ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করা হয়। এসব ডিসপ্লের আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৫২ লাখ ৩২ হাজার টাকা।
বিজিবি আরও জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৩ নভেম্বর পর্যন্ত সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৭ কোটি ৭০ লাখ ৭৬ হাজার ৩৯২ টাকা মূল্যের ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক এবং ১৭৫ কোটি ৬ লাখ ৫৯ হাজার ১২৩ টাকা মূল্যের চোরাই পণ্য জব্দ করা হয়েছে। এ সময়ে এসব ঘটনায় মোট ৬৫ জনকে আটক করা হয়েছে।
এ ছাড়া সম্প্রতি মানব পাচারবিরোধী অভিযানে তালিকাভুক্ত পাঁচজন মানব পাচারকারীকে আটক করা হয়েছে। সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ, পুশ-ইন, নারী ও শিশু পাচার, মাদক এবং চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম জানান, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি মানব পাচার, নারী ও শিশু পাচার, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও চোরাচালানসহ সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।





















