পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় কুটির পর্যায়ে চা উৎপাদন এবং স্থানীয় ক্ষুদ্র উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী হাতে তৈরি চা উৎপাদনবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) উপজেলার ইকো-মহানন্দা কটেজে বেসরকারি উন্নয়ন সংস্থা ইএসডিও’র উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সংস্থাটির বাস্তবায়নাধীন সাসটেইনেবল মাইক্রোএন্টারপ্রাইজ অ্যান্ড রেজিলিয়েন্ট ট্রান্সফরমেশন (স্মার্ট) প্রকল্পের ‘প্রমোটিং কমিউনিটি-বেইজড ট্যুরিজম ইন দ্য নর্দার্ন পার্ট অব বাংলাদেশ’ উপ-প্রকল্পের আওতায় এর আয়োজন করা হয়।
কর্মশালায় স্থানীয় কুটির পর্যায়ের চা উৎপাদক ও ক্ষুদ্র চা চাষিরা অংশ নেন। এতে অংশগ্রহণকারীদের চা বাগান থেকে উপযুক্ত কাঁচা পাতা সংগ্রহ, কোনো যন্ত্রপাতির ব্যবহার ছাড়াই সনাতন ও আধুনিক পদ্ধতিতে হাতে তৈরি বিভিন্ন ধরনের চা উৎপাদন কৌশল সম্পর্কে হাতে-কলমে ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষণে মূল প্রশিক্ষক ও পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেন টি-টেকনোলজিস্ট, ইন্সট্রাক্টর ও ফুড ইঞ্জিনিয়ার মো. মুস্তাফিজুর রহমান সরকার এবং তেঁতুলিয়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের সহকারী শিক্ষক মোছা. নাহিদা সুলতানা। এ সময় সংশ্লিষ্ট উপ-প্রকল্পের কর্মকর্তারা উপস্থিত থেকে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী উদ্যোক্তারা জানান, এ ধরনের ব্যবহারিক প্রশিক্ষণ কুটির পর্যায়ে চা উৎপাদনের দক্ষতা বাড়ানোর পাশাপাশি চায়ের বহুমুখী ব্যবহার নিশ্চিতকরণ এবং স্থানীয় পর্যটন ও চা শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।





















