জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে তিন বাংলাদেশিসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়। এর আগে একই দিন দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বেনীপুর সীমান্ত থেকে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন,বাংলাদেশের ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার নগরচাপরাইল গ্রামের গৌরপদ বিশ্বাসের ছেলে সুজন বিশ্বাস (৩৪), নড়াইল সদর উপজেলার দেবীপুর গ্রামের ভরত বিশ্বাসের মেয়ে আরতী সরকার (৪৮) ও কালিপদের ছেলে সুপাল সরকার (৩৫) এবং ভারতের উত্তর ২৪ পরগনা জেলার এয়ারপোর্ট থানার বাঁকড়া গ্রামের শরিফুল মীরের ছেলে রাহুল মীর (২১)।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেনীপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬১/৬-এস হতে আনুমানিক ৬০০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে জীবননগর থানাধীন বেনীপুর গ্রামস্থ বিত্তিপাড়া হতে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে প্রবেশকালে ০৩ জন বাংলাদেশী নাগরিক (পুরুষ-২, নারী-১) এবং ১ জন বাংলাদেশী বংশোদ্ভূত ভারতীয় নাগরিকে আটক করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তি আরও জানানো হয়, আটককৃত বাংলাদেশী এবং ভারতীয় নাগরিকদেরকে জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।





















