সোহানুর রহমান সোহান ভৈরব(কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের ভৈরবে থানার সামনে ঢাকা-সিলেট মহাসড়কে ককটেল বিস্ফোরণের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ২৮ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত ১০০ থেকে ১২০ জনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে। গত (২০ নভেম্বর) ভৈরব থানার উপ- পরিদর্শক (এসআই) মো. সাখাওয়াত হোসেন বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে এই মামলাটি দায়ের করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর রাত ১০টা ১০ মিনিটের দিকে ৬ থেকে ৭টি মোটরসাইকেলযোগে ১৩-১৪ জন ভৈরব থানার সামনে ঢাকা-সিলেট মহাসড়কে‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জনমনে ভীতি সৃষ্টির উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত মোটরসাইকেলযোগে নরসিংদীর দিকে পালিয়ে যায়। খবর পেয়ে রাত সোয়া ১০টার দিকে ডিউটিতে থাকা এসআই মো. সাখাওয়াত হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছান। পরদিন ১১ নভেম্বর সকালে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে ঘটনাস্থল তল্লাশি করে বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ (গাঢ় সবুজ রঙের টিনের কৌটা, ৩৬টি লোহার তারকাঁটা এবং লাল রঙের স্কচটেপের টুকরা) জব্দ করা হয়। এ মামলার এজাহারে দেখা যায়, দায়ের করা মামলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, সাবেক পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি ইফতেখার হোসেন বেনু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল মনসুরসহ ২৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও অজ্ঞাত ১২০ জন আসামি রয়েছে।
এ মামলার বিষয়টি সত্যতা নিশ্চিত করে সিটি পোস্ট সোহানুর রহমান সোহান -কে মুঠোফোনে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান জানান, ঘটনাস্থল থেকে আলামত জব্দ করা হয়েছে এবং সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু হয়েছে। এঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তারে পুলিশের সাড়াঁশি অভিযান ইতিমধ্যে চলছে।অচিরেই জড়িতদের আইনের আওতায় আনবেন বলে জানান তিনি।





















