ইয়াকুব সরকার বিশেষ প্রতিনিধিঃ
স্থানীয় বাসিন্দারা জানান, দিনের বেলায় তুলনামূলক কম ঠান্ডা অনুভূত হলেও বিকেলের পর থেকে শীতের তীব্রতা বাড়তে থাকে। ভোরে কুয়াশা ও হিমেল বাতাসের কারণে বাইরে বের হওয়া কঠিন হয়ে পড়ে। সকাল থেকেই আকাশ ঘন মেঘে আচ্ছন্ন থাকায় সূর্যের দেখা মেলেনি। এর মধ্যে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি জনজীবনে দুর্ভোগ বাড়িয়েছে।
কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা বাজার এলাকার কৃষক মহিবুল ইসলাম বলেন, “সকালে ঘন কুয়াশা থাকে, সঙ্গে ঠান্ডা বাতাস। সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এমন আবহাওয়ায় পাকা আমন ধান কাটতে মাঠে যেতে পারছি না। এতে ধান নষ্ট হওয়ার আশঙ্কা বাড়ছে।”
কুড়িগ্রাম রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, “ঘূর্ণিঝড়ের প্রভাবে আকাশে ঘন মেঘ জমে থাকায় এ ধরনের আবহাওয়ার সৃষ্টি হয়েছে। আগামী দুই থেকে তিন দিন এ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। এ সময় থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।”
বৈরী আবহাওয়া অব্যাহত থাকলে কৃষিকাজের পাশাপাশি নিম্ন আয়ের মানুষের জীবন-জীবিকায়ও নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।




















